রাজধানী মিরপুরের চা দোকানী বাবুল মাতাব্বুরকে পুলিশের সামনে কেরোসিনে পুড়িয়ে হত্যা করায় সারাদেশে উত্তেজনা ও সমালোচনার ঝড় বইছে। এই দুর্ঘটনা দেশের নাগরিকদের অবাক করলেও প্রশাসনে উদ্বেগ দেখা যাচ্ছে না।
বুধবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর মিরপুরে গুদারাঘাটে পুলিশের উপস্থিতিতে সোর্স চা দোকানি বাবুলের কাছে চাঁদা দাবি করলে সে দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ তার দোকানে কেরোসিনের স্টোভে লাথি মারলে তা বিস্ফোরণে আগুন ধরে যায় এবং এতে মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে পড়ে বাবুল। তার স্ত্রী ও ছেলে বাবুলকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে হাসপাতালে নিতে চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।
পুলিশ আইনের রক্ষক হয়েও এ ঘৃণ্য, অসভ্য ও অনৈতিক কাজের ফলে বিশ্বে বাংলাদেশের আইন রক্ষকদের নৈতিকতাহানির যে চিত্র দেখা গেল তা বিরল ঘটনা। বিশ্বের আর কোনো দেশের পুলিশ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশ সর্বোচ্চ সীমানা অতিক্রম করে আইন লঙ্ঘন করেছে বলে নিন্দা জানিয়েছেন।
পুলিশের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। আর এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের নাগরিকরা আইনের প্রতি আস্থা হারাবে। একই সঙ্গে সামাজিক কাঠামোর অবক্ষয় ঘটবে। দিন দিন পুলিশের খামখেয়ালি ও আইন লঙ্ঘনের বিষয়টিকে সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
পুলিশের অপরাধী কর্মকা-কে আমলে নিয়ে আইন অবনতি হচ্ছে তা উপলব্ধি করতে হবে। পুলিশের কাঠামো দীর্ঘ মেয়াদে পরিবর্তন করতে হবে। পুলিশের ব্যাভিচার ও নির্যাতন প্রতিরোধ করতে পুলিশকে পুনর্গঠন করা প্রয়োজন। সাসপেন্ডিং ও কমিটি গঠন করাই এ বাস্তবতায় যথেষ্ট পন্থা নয়। উপরের স্তর থেকে নিচের স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা চালু করতে পারলে তা কার্যকর ভূমিকা পালন করবে।























































