ইমতিয়াজ আহমেদ জিতুঃ
অবশেষে কুমিল্লা (দ.) জেলা আ’লীগের কর্মী সভার আড়ালেই অনুষ্ঠিত হল সম্মেলন। দীর্ঘ ২২ বছর পর একটি সম্মেলন হবে, তাও আবার কর্মী সভা হিসেবে প্রচারণা চালানো হয়েছে এতদিন। এ বিষয়টি নিয়েও বেশ হতাশ তৃণমূলের নেতাকর্মীরা।
গত এক মাস ধরে কর্মী সভা হবে বলে প্রচারণা চালালেও সম্মেলনে অতিথিরা বলেছেন এটা নাকি সম্মেলন। এসব নিয়ে বেশ হতাশ হয়েছেন উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা। আবার ব্যানারে লেখা ছিল-কর্মী সভা। দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি হিসেবে আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) ও সাধারণ সম্পাদক হিসেবে রেলপথমন্ত্রী মুজিবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম বলেন, কুমিল্লায় দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। জংয়ে ধরে গেছে। তাই কমিটিকে চাঙ্গা করতে হবে। আজ সম্মেলনে কমিটি ঘোষণা করে যাচ্ছি। এই কমিটি যদি আগামী ৩ বছরের মধ্যে সম্মেলন করতে না পারে তাহলে এ কমিটি রাখা হবে না।
দলীয় সূত্র জানায়, ২২ বছর আগে ১৯৯৪ সালে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার অনেক পর ২০০২ সালে লোটাস কামালকে আহ্বায়ক করে বর্তমান আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল । এ কমিটিও দীর্ঘ দিন ধরে সম্মেলন করতে পারেনি। আহ্বায়ক কমিটির সদস্যের কোটাও পূরণ করতে পারেননি। ১৯৯৪ সালের পর থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা আর সম্মেলনের মুখ দেখেনি।
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, কেন্দ্রিয় সদস্য আবদুর রহমান এমপি, ফ ম ওবায়দুল মুক্তাধির চৌধুরী এমপি, সুজিত রায় নন্দী, এমপি তাজুল ইসলাম, সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান, সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সিকদার, জেলা আ’লীগের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান প্রমুখ।


























































