শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অব্যবস্থাপনায় শেষ হল কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৬

 

স্টাফ রিপোর্টারঃ
বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যে পরিমান কাউন্সিলর আমন্ত্রণ করা হয়েছে তার চেয়ে অনেক ছোট করা হয়েছে প্যান্ডেল। শত শত কাউন্সিলর বসার জায়গা পায়নি। দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে এসে তাদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে যেতে হয়েছে। অনেকে চিঠি নিয়ে এসেও প্রবেশ করতে পারেননি অব্যবস্থাপনার জন্য। আবার কাউন্সিলর না হয়েও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হাতে আওয়ামীলীগের কাউন্সিলরের চিঠি নিয়ে সম্মেলনে প্রবেশ করেছেন।
কাউন্সিলরদের জন্য দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করা হলেও সদর দক্ষিণ উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং আওয়ামীলীগের সাধারণ নেতাকর্মীরা আগে চেয়ার দখল করে ফেলায় মূল কাউন্সিলরদের বেশিরভাগই খাবার পাননি। শত শত কাউন্সিলর না খেয়ে চলে গেছেন। গোটা সম্মেলনস্থলই সদর দক্ষিণ ও নাঙ্গলকোটের দখলে ছিল।
সাংবাদিকদের জন্য কোন প্রকার বসার জায়গা না রাখায় সাংবাদিকদের বসা বা ছবি নেয়ায় চরম বেগ পেতে হয়েছে। সেই সাথে অনেক সাংবাদিককেই নেতাকর্মীদের কটু কথা শুনতে হয়েছে। সাংবাদিকরা যেন ওই সম্মেলনে অনাকাংখিত হিসেবে যোগ দিয়েছে এমনই ছিল পরিস্থিতি। একটি গুরুত্বপূর্ণ জেলা আওয়ামীলীগের সম্মেলনের সাংবাদিকদের জন্য নূন্যতম ব্যবস্থাও রাখা হয়নি।
সম্মেলনে পকেটমারের উৎপাত ছিল খুব বেশি। সাংবাদিকসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন এবং অনেক মানিব্যাগ চুরি হয়েছে সম্মেলনস্থল থেকে।
বেলা ১১ টায় সম্মেলন শুরু হবার কথা থাকলেও শুরু হয় সাড়ে ১২টায়। এসব অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলর ও নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি