শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের সম্মতি পেল বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

biddut
ডেস্ক রিপোর্টঃ

ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে ভারতের নীতিগত সম্মতি পেয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নয়াদিল্লীর এ মনোভাবের কথা বাংলাদেশকে স্পষ্ট করেছেন। এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে মাস দুয়েকের মধ্যে ভুটানে  বিনিয়োগ করে  জলবিদ্যুৎ আনতে ঢাকা, নয়াদিল্লী ও থিম্পু ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে। পাশাপাশি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেও প্রস্তুতি নিচ্ছে ঢাকা।

জলবিদ্যুতের এক অপার সম্ভাবনার দেশ ভুটান। দেশটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩০ হাজার মেগাওয়াট। আথচ তাদের প্রয়োজন হাজার খানেক মেগাওয়াট। এরইমধ্যে ভারতে ২ হাজার মেগাওয়াটবিদ্যুৎ রপ্তানি করে মধ্যম আয়ের দেশ ভুটান। আগামি ৫ বছরে সেখান থেকে মোট ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। তারপরও বাকি থাকছে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সেই সুযোগই কাজে লাগাতে চায় বাংলাদেশ। ভুটানে বিনিয়োগ করে ভারতের মধ্যে দিয়ে জলবিদ্যুৎ আনতে চায় ঢাকা। বাংলাদেশের এ প্রস্তাবে রাজি আছে ভুটানও।

সম্প্রতি দিল্লীতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠকে এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যৌথ উদ্যোগে ভারতকে সাথে নিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বাংলাদেশের যে পরিকল্পনা এ ব্যাপারে তিনি নীতিগত সম্মতি  দিয়েছেন। এরই মধ্যে তৈরি হয়েছে খসড়া সমঝোতা স্মারক। তিনদেশের বিদ্যুৎ মন্ত্রণালয় অতি শীঘ্রই এটি চূড়ান্ত করবে। এটি সই হলেই শুরু হবে ভুটান থেকে বাংলাদেশের  বিদ্যুৎ আনার আনুষ্ঠানিকতা।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভুটান বিদ্যুৎ দিতে রাজী আছে। আমরা চাইছি ভুটান, বাংলাদেশ এবং ভারতকে নিয়ে ত্রিদেশীয় একটি মিটিং করতে।

নীতি নির্ধারকদের মতে ভুটান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। জলবিদ্যুৎ আনতে পারলে সে বন্ধুত্ব নতুন মাত্রা পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি