শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোহরাওয়ার্দীতে প্রকাশ্যে ‘চুমু’ জানে না পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

1452485583
ডেস্ক রিপোর্টঃ

ভালবাসা দিবসে প্রকাশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চুমু খাওয়া ‘ফেসবুক ইভেন্ট’ এর বিষয় পুলিশের জানা নেই বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদাই সতর্ক অবস্থায় রয়েছে। আর ভালবাসা দিবসে জনসাধারণের নিরাপত্তায় আরও সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ওইদিন প্রকাশ্যে চুমু খাওয়ার ঘোষণা সম্পর্কে তার জানা নেই।

এদিকে, মানবজমিন পত্রিকার অনলাইন থেকে জানা গেছে, ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খাওয়ার এক ফেসবুক ইভেন্ট থেকে আলোচনাসহ নানা বিতর্ক শুরু হয়েছে। এমন ইভেন্টকে কেউ কেউ স্বাগত জানালেও অনেকে এর বিরোধিতা করছে। এমনকি ইভেন্ট চালু করা নারীকে দেয়া হচ্ছে ‘ধর্ষণের হুমকি’। জার্মানিতে নির্বাসিত দুই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট শাম্মী হক ও অনন্য আজাদ গত সপ্তাহে একটি ফেসবুক ইভেন্ট খোলেন। শিরোনাম, ‘ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব।’ এই আহ্বানের কারণ হিসেবে ইভেন্টে তারা জানিয়েছেন, প্রতিবছরই এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ বিভিন্ন রকম হয়রানি করে। এর প্রতিবাদে সকল জুটিকে স্ব স্ব প্রেমিক-প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার আহ্বান জানানো যাচ্ছে।’ ইতিমধ্যে ফেসবুক ইভেন্টে সাড়া দিয়েছেন এক হাজারের বেশি মানুষ। সেখানে যেতে আগ্রহ প্রকাশ করেছেন আরও আড়াই হাজার ফেসবুক ব্যবহারকারী।

এ প্রসঙ্গে কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শওগাত আলী সাগর লিখেছেন, ‘জার্মানিতে বসবাসরত দুইজন প্রবাসী বাংলাদেশি ভালোবাসা দিবসে প্রকাশ্য চুমু খাওয়ার একটি ইভেন্ট পেজ খুলেছেন ফেসবুকে। প্রকাশ্যে চুমু খাওয়ার আয়োজনটি আবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে। নিজেরা জার্মানিতে বসে ঢাকায় চুমু খাওয়ার ইভেন্ট কেন?’

ফেসবুক ইভেন্টের অন্যতম আয়োজক শাম্মী হক প্রকাশ্যে চুমুর বিষয়টিকে দেখছেন প্রতিবাদের ভাষা হিসেবে, যেমনটা কিছুদিন আগে ভারতে করা হয়েছিল। তবে এই প্রতিবাদ করতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা ডয়চে ভেলেকে জানিয়েছেন তিনি। তাকে দেয়া হয়েছে ‘ধর্ষণের হুমকি’। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাম্মী দাবি করেন, ‘আওয়ামী লীগের এক নেতা ইভেন্ট খুলেছে, টাকা তোলার জন্য। সেই টাকা দিয়ে জার্মানি এসে আমাকে ধর্ষণ করবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি