পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনে স্বামীর পরকীয়া করার কথা শুনে ক্ষুদ্ধ পাপিয়া সুলতানা (৩০) দু’শিশু সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ।
এতে পাপিয়া ও জীবন নামের মা ছেলের মৃত্যু হয়েছে। অন্য ছেলে ইমনের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃত পাপিয়া ও শিশু জীবন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী-সন্তান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশিকুর রহমান সাগর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষক্রিয়ায় মুমূর্ষু অবস্থায় আরেক ছেলে ইমনকে (৪) পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, শুক্রবার রাতে ঢুলটি গ্রামের এনজিওকর্মী মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার ঝগড়া হয়। এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে পাপিয়া সুলতানা তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
বাড়ির লোকজন টের পেয়ে তাদের তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত সাড়ে ১০টার দিকে মা পাপিয়া ও এক ছেলে জীবন মারা যায়। অন্য ছেলে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


























































