শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উপজেলায় জাতীয় পরিচয়পত্র সংশোধন শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

meaning-of-bangladesh-national-id-card-number-400x243

ডেস্ক রিপোর্টঃ

আজ সোমবার থেকে কেবল নিজ উপজেলায় জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগ (এনআইডি)। সেবা বিকেন্দ্রীকরণের জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগের পরিচালক (অপরারেশন্স) সৈয়দ মুহাম্মদ মুসা এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয়ভাবে জাতীয় পরিচয়পত্রের সেবা বন্ধ করে আজ থেকে নিজ এলাকার উপজেলা নির্বাচন কার্যালয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, প্রত্যন্ত অঞ্চল থেকে কোন মানুষ ঢাকায় এনআইডি সংশোধন করতে এলে অনেক কষ্ট হয়। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ওমর ফারুক রোববার এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয়ভাবে বন্ধ করে কেবল উপজেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চালু করা অনেক ভালো উদ্যোগ। তবে এ কাজ ভালো ভাবে সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাচন অফিসগুলোতে টেকনিক্যাল সাপোর্ট ও জনবল দরকার। কারণ, উপজেলাগুলোতে টেকনিক্যাল সাপোর্টের অনেক সমস্যা। কোন সময় সারা দিনই ইন্টার্নেটে কাজ করা যায় না। ফলে অনেক কাজ জমে থাকে।

ওমর ফারুক বলেন, দিন দিন কাজের চাপ বাড়ছে কিন্তু জনবল বাড়ছে না। উপজেলা নির্বাচন অফিসাররা আগে নির্বাচনের পাশাপাশি কেবল ভোটার তালিকার কাজ করত এখন এনআইডিও যুক্ত হয়েছে। ভোটার তালিকা একটা নির্দিষ্ট সময়ে হয় কিন্তু এনআইডি সংশোধনের কাজটা নিয়মিত করতে হয়। কিছু দিন যাবৎ কাজের চাপ আরও বেড়েছে । গত অক্টোবরে কমিশন ঘোষণা দিল যাদের এনআইডিতে ভুল রয়েছে তাদের দ্রুত সংশোধন করতে হবে। তারপর ডিসেম্বর-জানুয়ারিতে সরকারি চাকরিজীবীদের একটা বড় চাপ গেল। এখনও প্রতিদিন ১৫-২০ জন মানুষ নিয়মিত সংশোধনের জন্য আসছে।

জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদ বলেন, উপজেলা পর্যায়ে এনআইডি সংশোধনের কার্যক্রম চালু হলে সাধারণ মানুষের জন্য ভালো হবে। বর্তমানে দেশে ভোটার রয়েছেন প্রায় ১০ কোটি। এদের মধ্যে ৯ কোটি ২০ লাখ নাগরিক এনআইডি পেয়েছেন। যার মধ্যে প্রায় ১ কোটি নাগরিকের আইডিতে বিভিন্ন ভুল রয়েছে। এছাড়া প্রায় এক কোটির হাতে জাতীয় পরিচয়পত্র নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি