শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৬ মামলার পর মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


১৬ মামলার পর মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

400xNx8cac5030f9a41621ff08b19077f92469-16.jpg.pagespeed.ic_.ANa-cActH6
ডেস্ক রিপোর্টঃ

একের পর এক মামলা হচ্ছে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে। সোমবার দুপুরে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুরের একটি আদালত।

গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। একের পর এক মামলায় বিব্রত মাহফুজ আনাম। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে।

মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ নিয়ে কথা হয় ডেইলি স্টারের কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে। তারা কেউ নাম প্রকাশ করে কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, একের পর এক মামলা হচ্ছে। ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। তবে ডেইলি স্টার তার নীতি ও পেশাদারিত্বে ঘাটতি দেখাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সাংবাদিকতা করে যাবে।

মামলার বিষয়ে জানতে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামকে ফোন করলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি বেশি কিছু বলতে চাই না। শুধু বলব, পরিস্থিতি মিডিয়ার জন্য শুভকর নয়। আমার জন্যও নয়। আমি বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছি।’

ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামকে আটক ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ৫ ফেব্রুয়ারি  শুক্রবার জয় তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন।

বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে মাহ্ফুজ আনামের আলোচনার সূত্র ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে বলেন, ‘মাহ্ফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন। একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায়, তা রাষ্ট্রদ্রোহিতা।

তিনি অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা লেখেন। তার নিজের স্বীকারোক্তিমতে তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তার অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তার কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশ বিরোধী। আমার ব্যক্তিগত মত, তার মিথ্যা গল্পের উসকানি আমার মাকে গ্রেপ্তার করিয়েছে এবং ১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই মাহ্ফুজ আনাম আটক হোক এবং তার রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’

জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার বন্ধ করে দেওয়ার দাবি করেছেন কয়েকজন সাংসদ। তাঁরা পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের পদত্যাগ এবং বিচারও দাবি করেন। ৮ ফেব্রুয়ারি রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় সাংসদরা এই দাবি তোলেন।

সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপস বলেন, কয়েক দিন আগে ডেইলি স্টার সম্পাদক অকপটে স্বীকার করেছেন, ওয়ান-ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন ডিজিএফআইয়ের পাঠানো মিথ্যা, বানোয়াট ও সাজানো দুর্নীতির গল্প যাচাই না করেই তিনি ছাপিয়েছেন। এ জন্য মাহ্ফুজ আনামের পদত্যাগ ও পত্রিকাটি অনতিবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানান তাপস। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।

ফজলে নূর তাপস আরও বলেন, ডেইলি স্টার-এর মালিক লতিফুর রহমান একজন দুর্নীতিবাজ। সন্ত্রাসী বাহিনী উলফার সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আশু প্রয়োজন।

স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগের নেতা হাজি মো. সেলিম বলেন, দেশের মূলধারার অনেক সম্পাদক-মালিক স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেন। তাঁরা মনে করেছিলেন, ওয়ান-ইলেভেন এসেছে, এটা কমপক্ষে ১০ বছর চলবে। এ জন্য কোনো কোনো পত্রিকার মালিক-সম্পাদক ডিজিএফআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন খবর ছাপতেন। মাহ্ফুজ আনাম তাঁদেরই একজন। যাঁরা ওয়ান-ইলেভেনে সহযোগিতা করেছিলেন, তাঁদের বিচারের আওতায় আনা দরকার।

শামসুল হক টুকু বলেন, গণমাধ্যমের কাজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু এক-এগারোতে দেখলাম উল্টো। তারা শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চেয়েছিল। সেদিন মাহ্ফুজ আনামদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে বাংলাদেশের আজকের উন্নয়ন হতো না। তিনি যত বড় শক্তিশালী সাংবাদিকই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘মিথ্যার বেসাতি দিয়ে সাজানো খবরের ডালা, ব্যক্তি ও জাতির ক্ষতি করলে কী হবে, গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। তিনি বিচার হওয়ার আগেই রায় পড়ে ফেলেছেন। তাই তাঁর পদত্যাগ করা উচিত। থুক্কু বলে পার পাওয়া যাবে না।’

তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘মাহ্ফুজ আনামকে নিয়ে আমি কথা বলব না। কারণ, সেদিন ভয়ে অনেকে বিবেককে জলাঞ্জলি দিয়েছিলেন। আজকে এই সংসদে সদর্পে বসে আছেন যাঁরা, সেদিন যাঁরা বাধ্য হয়ে বিবেককে জলাঞ্জলি দিয়ে সত্যের অপলাপ করেছিলেন।’ তাঁর বক্তব্যের এ পর্যায়ে স্পিকার বলেন, ‘আপনি কোন বিষয়ে কথা বলবেন?’ তাহজীব আলম তখন প্রসঙ্গ পরিবর্তন করেন।

মাহ্ফুজ আনামকে নিয়ে আরও বক্তব্য দেন সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, ওয়ারেসাত হোসেন বেলাল ও নূর জাহান বেগম।

মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাকে সরকার কীভাবে দেখছেন বিবিসি বাংলার  এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকার কোনো মামলা করেনি। কোনো ব্যক্তি করেছেন। এ ব্যাপারে সরকার কোনো আনুষ্ঠানিক ভাষ্য দেয়নি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সম্পাদক মাহ্ফুজ আনাম স্বীকারোক্তির মধ্য দিয়ে আধা সামরিক সরকারের আমলের ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। যাঁরা চাপের কাছে নতি স্বীকার করেছেন, অনৈতিক কাজ করেছেন এবং স্বীকারোক্তির মধ্য দিয়ে ক্ষমা চান ও ভুল বুঝতে পারেন, তা সাহসের কাজ। সে দিক থেকে মাহ্ফুজ আনামকে সাহসী উক্তির জন্য প্রশংসা করছি।’

যেসব তথ্যের কারণে মানহানি হয়েছে বলে প্রশ্ন উঠেছে, যাঁরা এসব সরবরাহ করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘কথাটা হচ্ছে আপনি মানহানিকর কিছু ভাবলেন, চিন্তা করলেন, কিন্তু যতক্ষণ না তা প্রকাশ করছেন, জনগণ না জানছে, ততক্ষণ তো সে ব্যাপারে কেউ ভূমিকা রাখতে পারে না। দায়টা আসছে পত্রিকার সম্পাদকের কাছে, যিনি প্রকাশ করেছেন।’

এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর এ মামলার প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে বলেন, সামরিক বা আধা সামরিক শাসনের সময় বন্দুকের নলের মুখে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই বাস্তবতা উপেক্ষা করে মাহ্ফুজ আনামকে নিয়ে এখন যা করা হচ্ছে তা উদ্দেশ্যমূলক।

১৬টি মামলার মুখামুখি হতে হচ্ছে মাহফুজ আনামের। দেশের বিভিন্ন আদালতে রোববার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১১টি মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ১৭০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ঢাকা, শরীয়তপুরে তিনটি, খুলনায় ও সিলেটে দুটি করে এবং বরগুনা, পটুয়াখালী, রাঙ্গামাটি ও জামালপুরে নেত্রকোনা, লক্ষ্মীপুর, দিনাজপুর ও রাজশাহীতে একটি করে মামলা হয়েছে। আদালত মামলাগুলো আমলে নিয়ে সাতটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দিনাজপুরের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া জারি করেছে আদলাত।

মাহফুজ আনামের বিরুদ্ধে এসব মামলায় অভিযোগ আনা হয়েছে- ১/১১-এর সময় বিশেষ একটি সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে তার সম্পাদিত ডেইলি স্টার পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হয়।

রাজশাহী : মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের অব্যাহত রয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার বিরুদ্ধে মামলা করেছেন।

ঠাকুরগাঁও : ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আমলী আদালতে (ক অঞ্চল) ১২০(খ)(২), ১২৩(ক), ১২৪(ক), ৫০৫(ঘ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশের অভিযোগে মামলাটি দায়ের করেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এই মামলাটি দায়ের করেন। ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট সুনামগঞ্জ সদর আদালতে মামলাটি দায়ের করা হয়।

খুলনা : সকালে মুখ্য মহানগর হাকিম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১৫ কোটি টাকার দুটি মানহানির মামলা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক তসলিম হুসাইন তাজ ১০ কোটি টাকা ও যুগ্ম সম্পাদক পারভেজ হাওলাদার ৫ কোটি টাকার মানহানির মামলা করেন। বাদী পক্ষে মামলা দুটি পরিচালনা করেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের পিপি ফরিদ আহম্মেদ ও অ্যাডভোকেট প্রণব দেবনাথ।

মুখ্য মহানগর হাকিমের আমলি আদালত ক অঞ্চলের বিচারক আয়শা আক্তার মৌসুমী দশ কোটি টাকার মানহানির অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত  করে আগামী ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন। অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন আমলি আদালত ক অঞ্চলের বিচারক মো. মঞ্জুর হোসেন পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগটি আমলে নেন এবং বিবাদী মাহফুজ আনামকে আগামী ২৯ মার্চের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

সিলেট : মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেটে ১০০ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার মামলা দুটি দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ওপর সমন জারি করেছেন।

শরীয়তপুর : শরীয়তপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে ৩টি রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি নুরুল আমিন কোতোয়াল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু কোতোয়াল ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মাদবর বাদী হয়ে এ মামলাগুলো করেন। শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুটি মামলায় সমন জারি করে বাকি একটিতে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বরগুনা (দক্ষিণ) : বেলা ১১টার দিকে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুল হক। বরগুনার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

পটুয়াখালী : মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন পটুয়াখালী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট উজ্জ্বল কুমার বসু। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের বিচারক এএসএম তারিক শামসেরের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে। সকালে রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসউদ্দিন খালেদের নেতৃত্বাধীন আমলি আদালতে মামলাটি করেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন। মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জামালপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে জামালপুরে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। রোববার বিকালে একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এসএম জামাল আবদুন নাসের। বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

ঢাকা : মাহফুজ আনামের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এর আদালতে এই আবেদন করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা হাসান আরিফ রিজন।

বিচারক বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছেন।

নেত্রকোনায় মামলা করেন সরকারি কৌশলী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল দিনাজপুরে মামলা করেন অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ

জামালপুর : ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার জামালপুরে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জামাল আবদুন নাসের। ১৪ ফেব্রুয়ারি তিনি এ মামলা করেন।

খুলনা : খুলনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০০৮ সালের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মঙ্গলবার খুলনা মহানগর হাকিমের আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি করেছেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর। আদালতের বিচারক ফারুক ইকবাল মামলাটি আমলে নিয়ে খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। ৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল বাদী হয়ে এ মামলা করেন। ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করলেও কোন আদেশ দেয়নি বলে আদালত সূত্রে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি