আমরা জানি কাক কাকের গোশত খায় না। এটাই নাকি নিয়ম। এ কথাটার ভেতর যে ইঙ্গিত সেটা বুঝতে খুব বেশি বিদ্যার দরকার পড়ে না। এর মানে পশু-পাখিও আপন পর বোঝে। তার ভেতরেও নিজেদের বিষয়ে ভালোবাসা বা দেখে রাখার ব্যাপার কাজ করে। মানুষকে আমরা দুনিয়ার সেরা জীব বলে জানি। মানিও।
কাক কাকের গোশত না খেলেও সেরা জীব মানুষ এখন এ নিয়ম আর মানছে না। মানতে চাইছে না। বাংলাদেশের রাজনীতিতে নিজেদের ভেতর হানাহানি এখন মোঘল আমলের মতো হয়ে উঠছে। মহাভারত ও মোঘল আমলে ভাইয়ে ভাইয়ে লড়াই হতো। শোনা যায়, কেউ কারও বুক ফেড়ে শোণিত পান করত। আর কেউ কেউ যে ভাইদের কারাগারে রাখত ঘোড়ার লেজে বেঁধে ঘোরাত সেটাও আছে ইতিহাসে। আমাদের কাকরা এখন অবশ্য ভাই ভাই কেউ না। এরা একদল, এক ঘরানা আর বাহ্যিকভাবে এক বাড়ির কাক। কিন্তু এখন তারা নিজেরা নিজেদের গোশত খাবার সংগ্রামে মাঠে নেমে গেছে।
বেশকিছুদিন থেকে দেশে সবকিছু একতরফা। নামমাত্র বিরোধী দল বা বিএনপি থাকলেও কাজে নাই। মানুষ রাজনীতিবিমুখ। নেতাদের ওপর বীতশ্রদ্ধ। তারা কাউকে বিশ্বাস করে না। খবরও রাখে না। কিন্তু নেতারা তো বসে থাকতে পারে না। তারা জানে ঘটনা অঘটনায় মাঠ গরম রাখাই তাদের কাজ। বিরোধী দলকে পুলিশ বা বাহিনীর হাওলায় তুলে দেওয়ার পর থেকে সরকারি দল একাই একশ এক। কিন্তু কাঁহাতক?
এভাবে কি খেলা জমে? ফলে এখন আওয়ামী লীগ নেমেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের চাটগাঁর একসময়ের তেজি নেতা এবিএম মহিউদ্দীন সাহেব এখন নিভু নিভু বাতি। একবার মেয়র পরেরবার মেয়র কাম রাজা তারপর বাদশা হতে গিয়ে কুপোকাত। শেখ হাসিনার সুনজরেও নাকি নেই। হয়তো সে কারণে এবার লতিফ এমপি কাকের মাংস খাবার হুমকি দিয়ে শেখ হাসিনার চোখে পড়তে চাইছেন এবিএম মহিউদ্দীন। খবরে দেখলাম নিজের ছবির সাথে কাট পেস্ট করে বঙ্গবন্ধুর ছবি ঝোলানোর ঘটনার নায়ক লতিফকে তিনি আলটিমেটাম দিয়েছেন। সভা করে লোক জমিয়ে নিজেদের বিরুদ্ধে এমন হুংকারের পরও বলবেন দেশে গণতন্ত্র নাই?
খুব মজা লাগল। এ কাজটা দলের সভা ডেকে নিজেরা মিটিং করে করাটা নিয়ম হলেও দুটি কারণে তা করা হয়নি। প্রথমত বিরোধী বলেত কেউ নাই। যত হাঁকডাক এখন তাই নিজেদের বিরুদ্ধে। তবে পরের কারণটাই আসল। নেতার নজর কাড়ার এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে?
যেটাই হোক। আওয়ামী লীগ বুঝিয়ে দিচ্ছে এখন তারা নিজেই নিজের দুশমন। তাদের আর বাইরের শত্রুর দরকার নেই। সাথে এটাও প্রমাণিত হলো একমুখো একতরফা নোংরা রাজনীতিতে কাক কাকের গোশত খাবে এটাই অবধারিত।























































