রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শঙ্কা ও অপরাধ বাড়ছে পুলিশে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৬

pullis-400x232
ডেস্ক রিপোর্টঃ

সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে আবারো শিরোনাম হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুলিশ বাহিনী নিয়ে। বেশ কয়েকদিন যাবৎ নানাভাবে শিরোনাম হয়ে উঠে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী। এবারের শিরোনামের নেপথ্যের কারণ রাজধানীর কয়েকজন পুলিশ কর্মকর্তা। ঘুষ, ছিনতাই, চাঁদাবাজি, নির্যাতন, যৌন হয়রানি, ব্লাকমেইলিংয়ের পাশাপাশি ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে এই বাহিনীর সদস্যরা। পুলিশের শীর্ষ কর্মকর্তরা তাদের লাগাম টানতে পারছে না।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক বলেছেন- কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে, তবে এটা তার ব্যক্তিগত অপরাধ। এ অপরাধের দায় পুলিশবাহিনীর নয়, বাহিনীর উপর অপরাধের দায় বর্তাবে না। যেসব পুলিশ সদস্য অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, তদন্তের পর অপরাধ প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যই আইনের উর্ধ্বে নয়।

৬ ফেব্রুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ায় পুলিশের ‘মিসফায়ারে’ ইমন (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটির চোয়ালে বিদ্ধ গুলিটি বের হয়ে গেলেও তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১৬ ফেব্রুয়ারি দুপুরে শহরের পুলিশ লাইন এলাকায় পুলিশের ফায়ারিং কর্মসূচি চলার সময় এই ঘটনা ঘটে। আহত ইমন সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের সাবলু রহমানের ছেলে।

ইমনের বাবা সাবলু রহমান জানান, তার ছেলে বাড়ির বাইরে খেলছিল। এ সময় দূর থেকে আসা একটি গুলি ইমনের চোয়ালে লাগে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দায়িত্ব পালনের সময় অস্ত্র-গোলাবারুদ লুট হওয়ার শংকা প্রকাশ করে টহল পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সিএমপি। একইসঙ্গে রাতের বেলা থানা-ফাঁড়ি, পুলিশ বক্স এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় (কেপিআই) প্রবেশে কড়াকড়ি আরোপেরও নির্দেশ দিয়েছে সিএমপি।

নগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ৩১ জানুয়ারি সিএমপি সদর দপ্তর থেকে এ বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।  সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান এ আদেশ জারি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় একজন উপপরিদর্শকসহ ৪ পুলিশ আহত হয়েছে। আহতরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুগঞ্জ সার কারখানা রোডের একটি চাতালকলে বসে মেঘনা নদীতে ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।

রেজাউল করিম নামে এক ব্যবসায়ী পুরান ঢাকার তাঁতীবাজার থেকে ৯শ’ গ্রাম স্বর্ণ কিনে যশোরের উদ্দেশে রওনা করেন। গুলিস্তান ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের কাছে একটি হোটেলের সামনে এলে পুলিশ পরিচয়ে তার পথরোধ করেন বনানী থানার এসআই আশরাফুল ইসলাম ও তার দুই সহযোগী।

ওই ব্যবসায়ীকে তারা বলেন, তোর বিরুদ্ধে মামলা আছে। কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ ওই ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ব্যবসায়ী চিৎকার করলে আশপাশের লোকজন এসে এসআইসহ দু’জনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে বংশাল থানা পুলিশ এসে এসআইসহ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালবাগ জোনের ডিসি মফিজুল ইসলাম জানান, এসআই আশরাফুলের বিরুদ্ধে ছিনতাই এবং পুলিশের সোর্স আব্দুর রাজ্জাকসহ দু’জনের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্যামলী আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানা আক্তারকে তল্লাশির নামে ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর আদাবর থানার এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন টাইব্যুনাল। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ গত মঙ্গলবার সকালে এ পরোয়ানা জারি করেন।

এর আগে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান। যদিও পুলিশের বিভাগীয় তদন্তে ওই ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছিল।

রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির বাসিন্দা রিকশাচালক সাজুর গুলিবিদ্ধের ঘটনায় কনস্টেবল রেজদি মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি রাতে রেজদি মিয়ার গুলিতে আহত হন রিকশাচালক সাজু (৩০)। তার বাম পায়ের বুড়ো আঙুলে গুলি লাগে।

ওসি জানান, খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। আহত সাজুকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সদস্য রেজদি মিয়াকে অসতর্ক থাকার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

৩১ জানুয়ারি আশা ইউনিভার্সিটির ছাত্রী ফারহানা আক্তার বিকেলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বই কিনতে শিয়া মসজিদের দিকে রিকশাযোগে যাচ্ছিলেন।

এসময় মসজিদের বিপরীতে থাকা আদাবর থানার এসআই রতন কুমারসহ পুলিশের তিন সদস্য তাকে জোর করে রিকশা থেকে নামান। এরপর তার কাছে ইয়াবা আছে কি না জানতে চান ওই দারোগা। এতে ফারহানা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এক পর্যায়ে শিয়া মসজিদের বিপরীতে একটি ইলেকট্রিকের দোকানে নিয়ে তাকে নানা অনৈতিক প্রস্তাব দেন এসআই রতন। ফারহানার অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও বারবার ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করেন রতন। পরে ফারহানা রতনকে বলেন, স্থানীয় লোকদের সামনে তার ব্যাগ তল্লাশি করতে হবে এবং প্রয়োজনে থানায় যাবার কথা বলেন তিনি। কিন্তু তার কোনো কথাই শুনতে চাননি ওই পুলিশ কর্মকর্তা। এসময় রতন গর্ব করে ফারহানাকে বলেছিলেন, আমার কাছে ওসি, ডিসি কিছুইনা। কারও কাছে নালিশ করেও কোন লাভ নেই।

তবে কোনো মিডিয়াকে এ বিষয়টা না জানানোর অনুরোধ জানান ওই দারোগা। গত ৩ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী থানার চার পুলিশের উপস্থিতিতে তাদের সোর্স দেলোয়ার চাঁদা আদায়ের জের ধরে বাবুল মাতব্বর নামে একজন চা দোকানিকে জ্বলন্ত চুলার উপর ফেলে হত্যার ঘটনা ঘটে। এর আগে গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরে ৫ লাখ টাকার জন্য এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এর কদিন পরেই যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেন আকাশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশকে মারপিট করে গুরুতর আহত করেন। এই ঘটনাও আলোচিত হয়।

এছাড়া , গত ১৭ জানুয়ারি আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে পুলিশের নির্যাতন এবং ২৭ জানুয়ারি যশোরে টাকার জন্য প্রবাসীকে আটক রেখে পুলিশের নির্যাতনের অভিযোগসহ প্রতিদিনই পত্রিকায় পাতায় পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ছাপা হচ্ছে।

এতো গেল মিডিয়ায় ফাঁস হওয়া ঘটনা। এর বাইরে বহু ঘটনা ঘটছে যা অনেকেই জানতে পারে না। ভুক্তভোগীরাই শুধু জানেন কিন্তু পুলিশের ভয়ে মুখ খুলতে পারেন না। এভাবেই কতিপয় পুলিশ সদস্যদের অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। একের পর এক আলোচিত ঘটনার পরও পুলিশের অনেক সদস্যই নিজেকে অপরাধ প্রবণতা থেকে নিবৃত করতে পারছেন না।

এই অপরাধ প্রবণতার মধ্যে রয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, মামলা তদন্তে ঘুষ নেওয়া, গ্রেফতার বা ক্রসফায়ারের ভয় দেখিয়ে, মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেয়া, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে টাকা আদায়। পাশাপাশি ছিনতাই-ডাকাতি, মাদক কেনাবেচা, ধর্ষণসহ বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে। এর বাইরে এক মামলার আসামী ভিন্ন মামলায় চালানসহ আরও বিভিন্ন পন্থায় টাকা উপার্জনের অভিযোগ আছে কোনো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এসবের বাইরে একই থানায় দীর্ঘদিন চাকরি করার সুবাদে কোনো কোনো পুলিশ সদস্য চাকরির বিধি ভঙ্গ করে থানা এলাকায় ব্যবসা খুলে বসেছেন। ডেমরা থানার এক এসআইয়ের বিরুদ্ধে একই থানা এলাকায় হাউজিং ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সদস্যদের এসব অপরাধ প্রবণতা বন্ধ করতে পুলিশ প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না। আইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা যদিও বার বার বলেছেন কোনো পুলিশ সদস্যের অপরাধের দায় পুলিশ বাহিনী নিবে না। সাম্প্রতিক আলোচিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ‘দৃশ্যমান’ করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৈঠকের পর সাংবাদিকদের বলেন, পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, তবে দুই-চার জন সদস্য অপরাধে জড়িয়ে পড়ছে।

তাদের শাস্তি নিশ্চিত ও দৃশ্যমান করার সুপারিশ করা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ বলেন, বাংলাদেশে শতকরা ১০ থেকে ২০ ভাগ পুলিশ সদস্যের কর্মকা-ের জন্য গোটা পুলিশ বিভাগের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এটা সমাজের স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর।

সূত্র জানায়, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য রয়েছে। ২০১৫ সালে বিভিন্ন অপরাধে ৯ হাজার ৯৫৮ পুলিশকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও ৭৬ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে থানা এবং আদালতে মামলা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) ৭০ জন, উপপরিদর্শক (এসআই) ৪ জন এবং পরিদর্শক ২ জন।

যাদের আদালতে বিচার চলছে। তাদের চাকরিচ্যুত হয়েছে। বাকিদের বিভিন্ন অপরাধে বিভাগীয় দ- দেওয়া হয়েছে। সূত্র বলছে, গত বছর সংখ্যার বিচারে ৬৯ হাজার পুলিশ সদস্য সাজা পেয়েছেন। এদের একটি বড় অংশের বিরুদ্ধে নিয়ম-শৃক্সখলা ভঙ্গের অভিযোগ রয়েছে। কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) পদের সদস্যরা ফৌজদারি অপরাধসহ বাহিনীর অভ্যন্তরীণ নিয়মনীতি লঙ্খনে সবচেয়ে বেশি জড়াচ্ছেন। তবে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেলায় এই হার একেবারেই নগণ্য। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সাল এই ৫ বছরে বিভিন্ন অভিযোগে পুলিশের কনস্টেবল থেকে এসআই পদে ৬৩ হাজার ৩৪৯ জনকে লঘুদ-, তিন হাজার ৫৯০ জনকে গুরুদ-, ৪৬১ জনকে বরখাস্ত ও ১২৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৬৭ হাজার ৫২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ মনে করেন, পুলিশের এই সমস্যা রাজনৈতিক। এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি চায় তাহলে এ সমস্যার সমাধান হবে। এ ছাড়া সমাধানের কোনো পথ আছে বলে আমার মনে হয় না। প্রফেসর ড. আমানউল্লাহ বলেন, এই সমস্যা সমাধানের জন্য পুলিশের উর্ধ্বতন স্তর থেকে শুরু করে ঢাকায় কর্তব্যরত পুলিশ বাহিনীতে পরিবর্তন করা দরকার। তিনি বলেন, ঢাকায় নির্দিষ্ট কয়েক জেলার অধিবাসীরাই সংখ্যায় অধিক। এটাতে পরিবর্তন আনা দরকার।

একই সাথে ছাত্রজীবনে বিভিন্ন দলীয় রাজনীতির সাথে জড়িতদের সংখ্যাও পুলিশ বাহিনীতে এখন বেশি। অযোগ্য কিছু সদস্য রাজনীতি ও টাকার জোড়ে ঢাকায় পোস্টিং নিয়ে এসেছে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এছাড়া ঘুষের বিনিময়ে পুলিশের চাকরি দেয়ার অনিয়মটাও দূর করতে হবে। সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. আমানউল্লাহ বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি চান তবে এসব সমস্যার সমাধান করতে পারেন। এটা যতো তাড়াতাড়ি করা যায় আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ততোটাই মঙ্গলজনক হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি