গণমাধ্যমের কল্যাণে কয়েকজন পরিচিত হলেও বেশিরভাগ ভাষা সৈনিক রয়ে গেছেন আড়ালে। বেসরকারি প্রতিষ্ঠান ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের জাদুঘর এখন পর্যন্ত ৩৫০ জন ভাষা সৈনিককে চিহ্নিত করতে পেরেছেন। যার মধ্যে মারা গেছেন ৩শ’ জন। এখনও বেঁচে আছেন ৫০ জন। তবে প্রতিষ্ঠানটির দাবি আরও শতাধিক ভাষা সৈনিক আছেন যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ভাষা আন্দোলনের ৬৩ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি ভাষা সৈনিকদের। গণমাধ্যমের কল্যাণে কয়েকজন পরিচিত হলেও বেশিরভাগ রয়ে গেছেন নিভৃতে। ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে দ্রুত ভাষা সৈনিকদের তালিকা তৈরির তাগিদ দিয়েছেন গবেষকরা।
ফেব্রুয়ারি মাস এলেই বিভিন্ন অনুষ্ঠানে ডাক পরে ভাষা সৈনিকদের। ভাষা আন্দোলনের ইতিহাস শোনা যায় তাদের মুখে।
ভাষা আন্দোলনের গবেষক এম আর মাহবুব বলেন, ‘ভাষা সংগ্রামী এবং ভাষা সৈনিকদের স্মৃতি সংরক্ষণ করার জন্য তেমন কিছুই হয়নি’।
ইতিহাসবিদ ও গবেষক ফিরোজ মাহমুদ বলেন, ‘শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোন জেলায় কিভাবে আন্দোলনটা হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্রটা পাব’।
বাংলা একাডেমি বলছে সারা দেশে ভাষা সৈনিকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। ৬শ’ ভাষা সৈনিকের তালিকা তৈরি করেছে একাডেমি।
বাংলা একাডেমির পরিচালক সাহিদা খাতুন বলেন, ‘ভাষা সৈনিকদের তালিকা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারিনি। একাধিক মিটিং করা হয়েছে, আলোচনা চলছে, কাজ অব্যাহত আছে’।
ভাষা সৈনিকদের পরিপূর্ণ তালিকা তৈরি করা না গেলে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পূর্ণ হবেনা বলে মনে করেন বিশেষজ্ঞরা।


























































