স্টাফ করেসপন্ডেন্টঃ
কুমিল্লার নগরীর রেসকোর্স এলাকায় হিউম্যান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ৭ দিন বয়সের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর ওই শিশুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ত্রিদিব কুমার কর ও সংশ্লিস্ট নার্স জোহরা খাতুন পালিয়ে গেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশুটি কুমিল্লার মুরাদনগর উপজেলার কৈয়াপাথর গ্রামের পলাশ ও পারভিন আক্তারের সন্তান।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী নবজাতক এক ছেলে শিশুকে অসুস্থ অবস্থায় রেসকোর্স এলাকায় হিউম্যান প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিউম্যান হাসপাতালের খন্ডকালীন চিকিৎসক ডাঃ ত্রিদিব কুমার রায়ের অধীনে চিকিৎসা শুরু করে।
শুক্রবার বিকেলে ওই হাসপাতালের এক নার্স শিশুটিকে ইনজেকশন দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।
নিহতের পরিবার সূত্র জানায়, ইনজেকশন দেওয়ার পর শিশুটির শরীর ফুলে যায়, শিশুটি ছটফট করতে থাকে এবং এক পর্যায়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় তারা চিকিৎসকের কাছে গেছে গেলে তিনি কোন সদুত্তর না দিয়ে ওই নার্সসহ পালিয়ে যায়।
সূত্র জানায়,জেলার মুরাদনগরের কৈয়াপাথর গ্রামের পারভিন আক্তার গত এক সপ্তাহ পূর্বে একটি ছেলে সন্তান প্রসব করে। পরবর্তিতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হিউম্যান হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল।
সূত্র আরো জানায়,শিশুটির অবস্থার কোন উন্নতি না হওয়ায় তার পরিবার অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলেও হিউম্যান হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করে অন্যত্র চিকিৎসা সেবা নিতে অসহযোগিতা করেছিল।
এ বিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। রাতে নিহত শিশুটির পরিবারের লোকজনের সাথে হাসপাতালের চিকিৎসা ব্যয় মওকুফসহ সামান্য কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির সমঝোতার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, এ বিষয়ে আমি অবহিত নই।

























































