শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চেতনার রঙে শাণিত মহান একুশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৬

12705180_197593827268320_952096855634946017_n

পূর্বাশা রিপোর্টঃ
‘ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি/আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি।’ অমর একুশে আজ। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগানো একুশ। বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ। একই রকমভাবে সাহস, প্রত্যয় ও উদ্দীপনায় সব বাধা ছিন্নভিন্ন করে সামনে এগিয়ে যাওয়ার শপথ নেয়ারও দিন আজ। প্রতিটি বাঙালির মতো পৃথিবীর তাবৎ মাতৃভাষাপ্রেমীরও নতুন চেতনায় শাণিত হওয়ার দিন। কেননা একই সঙ্গে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও’। আজ বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কোর ১৯৫টি সদস্য এবং ৯টি সহযোগী সদস্য রাষ্ট্রের ৬ হাজার ৯০৯টি ভাষার মানুষ পালন করবে এই দিবস।
একুশ আমাদের বাঁচতে শেখায়, লড়াই করে অধিকার আদায় করতে শেখায়। একুশ বাঙালি জাতির গর্ব ও অহংকার। বাঙালির স্বাধিকার সংগ্রামের প্রতিটি অধ্যায়েই জড়িয়ে রয়েছে একুশের প্রেরণা। একুশের চেতনায় শাণিত হয়ে দানা বাঁধে স্বাধীনতা সংগ্রাম। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই একুশে জাতির জীবনে অবিনাশী এক মহা-উদযাপনের নাম। ধর্ম-বর্ণ-গোত্র-দল-মত নির্বিশেষে উদযাপন করার মতো এমন কালজয়ী দিন দ্বিতীয়টি নেই।
কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্ব দরবারে সমাদৃত, স্বীকৃত। এক সময়ে বাংলা ছিল অস্পৃশ্য। সংস্কৃত কিংবা উর্দু-ফার্সি সবার কাছে বাংলা ছিল তুচ্ছ ও তাচ্ছিল্যের। ব্রিটিশ বিতাড়নের পর এলো পাকিস্তান। কিন্তু শোষিত বাঙালির বঞ্চনার ইতিহাস আরও দীর্ঘ হল। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পাবে না! উর্দুই হবে রাষ্ট্রভাষা। এভাবে দিনের পর দিন অপমানিত, লাঞ্ছিত হতে হতে ১৯৫২’তে জেগে উঠল বাঙালি। মায়ের ভাষার অপমান আর নয়। জ্বলে-পুড়ে মরবে, তবু মাথা নোয়াবে না চাপিয়ে দেয়া সিদ্ধান্তের কাছে। সেই ফাল্গুনে পিচঢালা পথে এগিয়ে চলল প্রতিবাদের মিছিল। শ্লোগানে প্রকম্পিত আকাশ-বাতাস। চলল গুলি। লুটিয়ে পড়ল মিছিলের অগ্রগামী তরুণের দল। জীবন দিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা আরও অনেকে। রক্তস্নাত রাজপথ। সেই রক্ত স্রোতধারায় সিক্ত মাটিতে নির্মিত হল শহীদ মিনার। সেই শহীদ মিনারে আজ যাবে কোটি বাঙালি। যাবে পৃথিবীর কোটি মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করবে মহান বীর ভাষা সৈনিক ও শহীদদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি