পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী শান্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ জগেশ্বর বর্মনকে (৪৯) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুরোহিতের এক সহকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উপজেলার শান্তগৌড়িয় মন্দিরে এ ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বাবুল আক্তার বলেন, সকালে একটি মোটরসাইকেলে ৩ আরোহী চতুর্থ করতোয়া সেতুর সন্নিকটে শান্তগৌড়িয় মন্দিরে এসে পুরোহিতকে জবাই করে হত্যা করে।
গৌড়ীয় মঠে প্রভাতকালীন পূজা প্রস্তুতির সময় দুর্বৃত্তরা হঠাৎ মন্দিরে ঢুকে যজ্ঞেশ্বর রায়ের ওপর আক্রমণ করে বলে জানান দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
তিনি জানান, দুর্বৃত্তরা এই সময় ধারালো অস্ত্র দিয়ে অধ্যক্ষকে কোপায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তাকে গলা কেটে হত্যা করা হয়। অধ্যক্ষের ওপর আক্রমণের সময় মন্দিরের পূজারী গোপাল (৩৫) বেরিয়ে এলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গোপালকে পঞ্চগড় সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এ সময় পুরোহিতকে বাঁচানোর জন্য এগিয়ে এলে আরেক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।


























































