একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার ও মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুল দেওয়া হলো না কারও। রাত ১২টা বাজার আগেই ফুল দেওয়া কেন্দ্র করে দু’পক্ষের ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে শহীদ মিনার এলাকায়।
এসময় উভয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শহীদ মিনার এলাকায় বোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করার চেষ্টা করলে আওয়ামী লীগের লোকজন ফুলের ডালা ভেঙে ফেলে। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।
শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ ঘিরে রেখেছে পুরো এলাকা। কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।


























































