শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


২১শে ফেব্রুয়ারি চেতনার প্রকাশ নাকি ফ্যাশন?


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

21_dhakareport_13057-400x267
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে বিশেষ কোন দিবস এলেই সেটাকে ঘিরে আজকাল অনেক বাণিজ্যিক কার্যক্রম দেখা যায়। এরমধ্যে একুশে ফেব্রুয়ারি একটি। একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নানান ফ্যাশন হাউজ এসেছে সাদা-কালো শাড়ি এবং পাঞ্জাবী নিয়ে। যদিও  অ আ ক খ লেখা পোষাক চালু হয়েছে বেশ ক’বছর হলো। তার ব্যতিক্রম এবারও হয়নি।

শোক দিবসের বদলে ২১শে ফেব্রুয়ারি কী এখন উৎসবে পরিণত হয়েছে? ইদানিং এই প্রশ্ন জাগছে অনেকেরই। একটি শোক দিবসকে ঘিরে বানিজ্যিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা কতটুকু? এই নিয়ে কথা বলা হয় অন্যমেলা ফ্যশানের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের সঙ্গে, তিনি বলেন- ‘আমি আসলে এটাতে দোষের কিছু দেখিনা। এই কারণে দোষের বলছিনা যে, ৫২’র ভাষা আন্দোলনের যে চেতনায় আমরা একুশে ফেব্রুয়ারি পালন করছি, নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের ভাষা সৈনিকরা যে আন্দোলন করেছিলেন- এটাকে আমরা উৎসব হিসেবে পালন করতে পারি। এটাকে উৎসব হিসাবে পালন করলে দোষের কিছু নেই এই অর্থে যে, এটা বাঙ্গালিদের জন্য অহংকার। আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি এবং সেই আন্দোলনে আমরা জিতেছিও। আজকে আমরা নিজেদের ভাষায় কথা বলছি, এটা আমাদের অহংকার। কাজেই এটা শোকের কোন বিষয় বলে আমি মনে করিনা। এই দিবসকে কেন্দ্র করে, এই দিনটি স্বরণ করার জন্য তো মেলাও হচ্ছে, তবে পোশাকের দোষ কী?’

চেতনার প্রকাশ ঘটছে না কি কেবলই এটি একটা ফ্যাশনে পরিণত হচ্ছে? এই প্রশ্নে তিনি বলেন- ‘ ২১শে ফেব্রুয়ারিতে অ আ ক খ লেখা শাড়ি কিংবা পাঞ্জাবী পড়ে ঘুরে বেড়ানোর চেয়ে কী ওয়েস্টার্ন পোষাক পড়ে ঘুরে বেড়ানো ভালো দেখাবে? না কি বাঙ্গালির ঐতিহ্য ধরে রেখে তার চর্চা ধরে রাখা ভালো হবে? এটা দৃষ্টি ভঙ্গির ব্যাপারও যে, এটি আপনি কিভাবে নিবেন।’

যখন সাদা এবং কালো পোশাক পরে ঘুরে বেড়ানোই প্রধান হয়ে দাড়াচ্ছে তখন চেতনার প্রসঙ্গটা কতোটা থাকছে?

‘যদি এটা শুধু সাদা-কালো পোশাক পরে ঘুরে বেড়ানোই প্রধান হয়ে দাঁড়ায় তবে সেটা দোষের। আমরা যেমন এইদিনকে উপলক্ষ্য করে অমর একুশে গ্রন্থমেলা উৎযাপন করে থাকি, তেমনি আমরা এইদিনটা সাদা-কালো পোশাক পরে উৎযাপন করলে ক্ষতি কী? আর এই পোশাক তৈরীর জন্য যদি কোন প্রতিষ্ঠান এগিয়ে আসে তবে এতে আমি দোষের কিছু দেখিনা’

অদূর ভবিষ্যতে ২১শে ফেব্রুয়ারি কী স্পন্সরর্ড ইভেনেন্টের মতো হয়ে যাবে- আপনি কী মনে করেন?

‘না আমি সেটা মনে করি না, এই সমস্ত প্রোপাগান্ডা যদি হয় তবে সেটাতো ভালো। পোশাক সংস্কৃতির একটি বিরাট অংশ। পোশাকের ঐতিহ্যকে ধরে রাখাটা বিশেষ দিকও বটে। অথচ আমাদের নতুন প্রজন্ম ধিরে ধিরে পাশ্চাত্য সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। এখন এ দিনটাকে কেন্দ্র করে যদি দেশীয় পোশাক পরাতে পারি তবে সেটাকে আমি পজেটিভ ভাবেই দেখব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি