রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারা এখন আওয়ামীলীগের কান্ডারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

192098_1

ডেস্ক রিপোর্টাঃ

অবিভক্ত পাকিস্তানের ছাত্র রাজনীতিতে ছাত্র ইউনিয়ন ছিল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। ১৯৫২ সালের ২৬শে এপ্রিল এই ছাত্র সংগঠনটির জন্ম। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, বর্তমান সরকারের দুই মন্ত্রী মতিয়া চৌধুরী ও রাশেদ খান মেননসহ অনেক প্রভাবশালী রাজনীতিবিদের অতীত পরিচয় ছাত্র ইউনিয়ন। ১৯৬৫ সালে মতিয়া চৌধুরী ও রাশেদ খানের নেতৃত্বে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে সংগঠনটি। যদিও মূল অংশ থেকে যায় মতিয়ার নেতৃত্বে। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতেও গুরুত্বপূর্ণ জায়গা করে নেয় এ সংগঠনটি।

যদিও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর থেকে এই সংগঠনটিও হারিয়েছে সেই গৌরবোজ্জ্বল ভূমিকা। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এযাবৎকাল ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির পদে এসেছেন ২৬ জন। সাধারণ সম্পাদকের পদে ৪ জন।

সভাপতিদের মধ্যে একজন ব্যতীত প্রত্যেকেই সভাপতি হওয়ার আগে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক এই ছাত্রনেতাদের মধ্যে মারা গেছেন ২ জন। রাজনীতি ছেড়েছেন ৭ জন, এর মধ্যে ৩ জন রয়েছেন প্রবাসে। বিএনপিতে গেছেন ১ জন, আওয়ামী লীগে ৩ জন। বাকিরা ছাত্র ইউনিয়নের মূল সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত আছেন।

রাজনীতিতে নেই যে ৭ জন (প্রবাসে ৩ জন)

১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল কাউয়ুম মুকুল। ছাত্র রাজনীতি ছাড়ার পর সিপিবিতে যোগ দেন। রাজনীতি ছেড়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। বর্তমানে প্রথম আলোর যুগ্ম-সম্পাদক তিনি। ১৯৭৩ থেকে ৭৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব জামান। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। ছাত্র রাজনীতি ছাড়ার পর দীর্ঘদিন ছিলেন সিপিবির রাজনীতিতে। সর্বশেষ তিনি সিপিবির সহযোগী সংগঠন যুব ইউনিয়নের সভাপতি ছিলেন। বর্তমানে রাজনীতির তিনি সঙ্গে যুক্ত নন। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন কামরুল আহসান খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন আনোয়ারুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর এ নেতা বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত নেই। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তাহেরুল্লাহ। বর্তমানে তার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এ ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন নাসিরউদ্দৌজা। বর্তমানে তিনি কানাডায় থাকেন। ১৯৯৯ সাল ও ২০০০ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি পদে ছিলেন মঞ্জুরে খোদা তারিক। তিনিও জাপানে বসবাস করছেন।

মারা গেছেন যে ২ জন: ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন কাজী আকরাম হোসেন। কয়েক বছর আগে মারা যান তিনি। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি খন্দকার মোহাম্মদ ফারুক বুয়েট থেকে শিক্ষাজীবন শেষ করেন। বুয়েটের ছাত্র সংসদ ইউকসুর একাধারে তিনবারের নির্বাচিত ভিপি তিনি। প্রকৌশলীদের মধ্য থেকে তিনিই একমাত্র সভাপতি ছিলেন এ সংগঠনের। ব্যক্তিগত জীবনের ব্যবসায়ী এই নেতা চলতি বছরের মাঝামাঝি সময়ে মারা গেছেন।

আওয়ামী লীগে ৩ জন, বিএনপিতে ১ জন: ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন নুরুল ইসলাম নাহিদ। জাহানারা ইমামের নেতৃত্বাধীন ঘাতক দালাল নির্মূল কমিটির স্টিয়ারিং কমিটির এ সদস্য ছাত্র রাজনীতি ছেড়ে যোগ দেন সিপিবিতে। ১৯৯১ সালে তিনি সিপিবির সাধারণ সম্পাদক হন। ১৯৯৪ সালে কয়েকজন রাজনৈতিক সহকর্মীকে নিয়ে যোগ দেন আওয়ামী লীগে। বর্তমানে দলের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। ১৯৯৬ সালে তিনি সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৪ নির্বাচনে এমপি হন তিনি। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন তিনি। এর আগের মেয়াদেও একই দায়িত্ব পালন করেন। ১৯৭৩ থেকে ৭৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন নূহ-উল-আলম লেনিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন যোগ দেন সিপিবিতে। সর্বশেষ সিপিবির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

১৯৯৭ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এককালের এই তুখোড় ছাত্রনেতা কখনোই অংশ নেননি সংসদ নির্বাচনে। ভবিষ্যতেও কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত তার। ১৯৮০ সালের শেষের দিকে ছাত্র ইউনিয়ের সভাপতির পদে আসেন আব্দুল মান্নান খান। ১৯৮২ সালের মাঝামাঝি সময়ে এ পদ থেকে বিদায় নেন তিনি। পরবর্তীতে যোগ দেন আওয়ামী লীগে। বর্তমানে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদে থাকলেও নিষ্ক্রিয় রয়েছেন। পেশায় আইনজীবী এই নেতা ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৫ই জানুয়ারির নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম এই ছাত্রনেতা পরবর্তীতে যোগ দেন বিএনপিতে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজমের কাছে হেরে যান। বর্তমানে বিএনপির কোনো গুরুত্বপূর্ণ পদে নেই তিনি।

বাকিরা সক্রিয় সিপিবির রাজনীতিতে: ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। ছাত্র রাজনীতি ছেড়েই যোগ দেন সিপিবিতে। বর্তমানে সিপিবির কেন্দ্রীয় সভাপতি। ১৯৯৩ ও ১৯৯৪ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি রুহিন হোসেন প্রিন্স খুলনা বিএল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেছেন। বর্তমানে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন বর্তমানে সিপিবির প্রেসিডিয়াম সদস্য। এছাড়া বাংলাদেশ কৃষক সমিতির সেক্রেটারি তিনি। ১৯৯৬-১৯৯৭ কমিটির সভাপতি আসলাম খান সিপিবির সহযোগী সংগঠন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা। ১৯৯৭-১৯৯৯ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন হাসান হাফিজুর রহমান সোহেল বর্তমানে সিপিবির সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি। ২০০০ থেকে ২০০২ সালের সভাপতি হাসান তারিক চৌধুরী সোহেল বর্তমানে সিপিবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০০২-২০০৩ সালের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শরিফুজ্জামান শরিফ বর্তমানে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৩২০০৪ সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লুনা নূর ব্যক্তিগত জীবনে একজন গৃহিণী। এছাড়া সিপিবির উইমেন সেল দেখভাল করেন তিনি। ২০০৪-২০০৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাকি বিল্লাহ। তিনি শাহবাগ আন্দোলনের সূতিকাগার ‘জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট’-এর উদ্যোক্তা। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হিসেবেও বিবেচনা করা হয় তাকে। বর্তমানে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। ২০০৬-২০০৮ সালের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শামছুল আলম সজ্জন। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ পদে কর্মরত। ২০০৮ সালের জরুরি কাউন্সিলে সংগঠনের সভাপতি নির্বাচিত হন খান আসাদুজ্জামান মাসুম। ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। বর্তমানে সিপিবির সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। ২০০৯-২০১১ সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন মানবেন্দ্র দেব। তিনি ১/১১-এর সময় অগাস্ট ছাত্রবিদ্রোহে কারাবন্দি হন। বর্তমানে সিপিবির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা তিনি। ২০১১-২০১২ সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ফেরদৌস আহমেদ উজ্জল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রনেতা বর্তমানে সিপিবির সহযোগী সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির একজন সংগঠক। ২০১২-২০১৪ সালের সভাপতি এস এম শুভ। জাহাঙ্গীরনগরের এই ছাত্রনেতা সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এখনও কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি। গণজাগরণ মঞ্চের একজন সংগঠক হিসেবে পরিচিত তিনি। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন হাসান তারেক। ময়মনসিংহ আনন্দমোহন কলেজের এ ছাত্রনেতা বর্তমানে সিপিবির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নেই কোনো গুরুত্বপূর্ণ পদে।

বর্তমান কমিটি: ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি লাকি আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে মাস্টার্সে অধ্যয়নরত। লাকি গণজাগরণ মঞ্চেরও অন্যতম সংগঠক। তার বাড়ি ফেনী জেলায়। সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ। তিনি ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে অধ্যয়নরত। তার বাড়ি চাঁদপুর জেলায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি