রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও ৫ লাখ পুলিশ সদস্য নিয়োগ দেবে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

police3
ডেস্ক রিপোর্টঃ

গত ৫ বছরে প্রায় ৩ লাখ পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী কয়েক বছরে আরও প্রায় ৫ লাখ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতের ধারাবাহিকতায় পুলিশের বাসস্থানের জন্যও নেওয়া হয়েছে উদ্যোগ। এরই ধারাবাহিকতায় ৭টি বিভাগের ১০ জেলায় ১২টি ব্যারাক নির্মিত হবে। প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। এর মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে গত ক’বছর ধরেই পুলিশে জনবল বৃদ্ধি অব্যাহত রেখেছে সরকার। এমন অবস্থা আগামীতে আরও বেশকিছু বছর অব্যাহত থাকবে। তাছাড়া সাধারণ মানুষের অনুপাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা অপ্রতুল হওয়ায়ও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে পুলিশের জনবল বৃদ্ধি পেলেও তাদের আবাসনগত ভৌত সুবিধা সে অনুপাতে বাড়েনি। বর্তমানে পুলিশ ইউনিটগুলোর আবাসিক সুবিধা সদস্যদের তুলনায় অপ্রতুল। আবার বিদ্যমান ব্যারাকগুলোর অধিকাংশই জরাজীর্ণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, পুলিশ কনস্টেবলদের দৈনন্দিন দায়িত্ব পালন ছাড়াও জরুরি প্রয়োজনে বিশেষ দায়িত্ব পালনে তাদের তাৎক্ষণিক মোতায়েনের জন্য পুলিশ লাইনের ভেতরে ব্যারাক থাকা জরুরি। পর্যাপ্ত আবাসিক সুবিধা প্রদানের জন্যই ১২টি ব্যারাক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত পুলিশ ইউনিটগুলোর মধ্যে শুধু খুলনা মেট্রোপলিটন পুলিশ ইউনিটে ব্যারাক রয়েছে। কিন্তু সেখানে বর্তমান জনবলের তুলনায় পর্যাপ্ত স্থান সংকুলান না থাকা এবং অন্য ১১টি পুলিশ ইউনিটে কোনো ব্যারাক না থাকায় নতুন ব্যারাক স্থাপন করা হবে। যেসব স্থানে ব্যারাক নির্মিত হবে, সেখানে পুলিশের মোট সদস্য সংখ্যা ১৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে ৫ হাজার ৮৮৮ জনের আবাসিক সুবিধা রয়েছে। বাদবাকি ৯ হাজার ৫১৫ জনের মধ্যে ৬ হাজার জনের আবাসিক সুবিধার প্রয়োজনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- ৬ হাজার ৬৮৮ দশমিক ৯৬ বর্গমিটার বিশিষ্ট মোট ১২টি ব্যারাক ভবন নির্মাণ, ২১৩ দশমিক ৬৮ রানিং মিটার কম্পাউন্ড ড্রেইন নির্মাণ, ৩১৫ দশমিক ৫৬ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ২৫ হাজার ৩২৯ দশমিক ৮২ ঘনমিটার সাইট উন্নয়ন ও ১টি গাড়ি ক্রয়।

পুলিশ নিয়োগের ব্যাপারে ব্যারাক নির্মাণ প্রকল্প পাস শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনেই পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি