সাড়ে ছয় দশক, ইতিহাস বিচারে সময়টা খুব বেশি না হলেও বাংলা এবং বাঙালির জন্যে একেবারে কম সময় নয়। এ সময়কালে বাঙালিরা নিজেরাই একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে উঠেছে। ’৫২ এর বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য ছিল ‘জিন্নাহ মার্কা’ রাজনীতিকে উচ্ছেদ করে বাঙালিদের নিজেদের ভাষা ভিত্তিক জাতীয়তা নির্ভর স্বাধীন জাতি রাষ্ট্র গঠন করা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে লক্ষ্যের বিচ্যুতিও ঘটেছে ইতোমধ্যে।
উর্দূকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জিন্নার ঘোষণা ছিল দ্বিজাতি তত্ত্বকে রাষ্ট্রীয়ভাবে স্থায়ী ভিত্তি দেয়া। একটা কৃত্রিম রাষ্ট্রের অবাস্তব নীতি কার্যকর করার হঠকারী উদ্যোগ ছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রচেষ্টা। অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই শিক্ষার বাস্তব ফসল।
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কী আমরা তার লক্ষ্যে স্থির রাখতে পেরেছি, এ প্রশ্নের যথার্থ উত্তর এবারের ‘একুশ’ থেকে অবশ্যই পেতে হবে। এক কথায় উত্তর হলো, ‘একুশ’কে বাঙালি জাতি তার ইতিহাস নির্ধারিত স্থানে ধরে রাখতেও পারেনি এবং তার ‘লক্ষ্যও’ পুরোপুরি অর্জিত হয়নি।
রাজনৈতিক ও আদর্শগতভাবে বাংলাদেশ বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করছে না। ফলে একুশের বই মেলায় স্টল বন্ধ করে দেয়া হয়, প্রকাশক এবং প্রকাশের সঙ্গে যুক্ত কর্মিদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। একুশ এবং ভাষা শহিদের রক্ত এ শিক্ষা দেয়নি।
সেকুল্যার গণতান্ত্রিক দেশে মুক্তচিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে নির্বিঘœ করতে হবে। এর অর্থ এই নয় যে একুশের মৌলিক চেতনা বিরোধীরা এ মাটিতে তা-ব করবে এবং পুনঃরায় দ্বিজাতি তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইবে তার অধিকার দেয়া নয়। ‘মুক্তিযুদ্ধের রাষ্ট্র’ কখনো ‘জিন্নাহমার্কা রাষ্ট্রকে’ ধারণ করতে পারে না। এই দ্বন্দ্বটা বৈরি, ফলে ‘জিন্নাহ মার্কার’ অবসান হয়েছে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে।
‘একুশের শিক্ষার’ অপর একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ ব্যবস্থার অভিঘাতের প্রভাব। আজকের যুগকে বলা হচ্ছে বিশ্বায়নের যুগ। অবশ্যই এই বিশ্বায়নের সুফলকে জোর করে অগ্রাহ্য করার প্রয়োজন নেই। আবার এর ক্ষতিকর এবং আগ্রাসী দিককে অবহেলাও করা যাবে না। পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার শ্রেষ্ঠত্ব রয়েছে পণ্য ও প্রযুক্তির গুণ-মানের ওপরে। এর প্রভাব তরুণ প্রজš§কে আকৃষ্ট করাটাই স্বাভাবিক। কিন্তু এই প্রভাব ঐতিহ্য ও সংস্কৃতির শেকড় ধরে টান দেবে-তা কিছুতেই হতে দেয়া যায় না।
‘মুক্তবাজার’ পন্থিরা একটা আভিজাত্যের বড়াই করে। বাঙালি হওয়ার পরও তাদের শারীরিক ভাষা এবং জীবনাচারে শতভাগ পশ্চিমা ঢং দিয়ে তরুণ সমাজকে মোহিত করে তোলে। এখানে বাঙালি সংস্কৃতির প্রকাশ ও প্রভাব অনুপস্থিত থেকে যায়। তাদের অতি স্বচ্ছলতা এবং সামর্থের পৃথক অস্তিত্ব জানান দেয়। এই ক্ষত তরুণ-তরুণীরা তাদের আভিজাত্য প্রকাশের ভঙ্গি হিসেবে বাংলা ‘র’ উচ্চারণ ইংরেজির ভঙ্গিতে করে। ‘কিন্তুর’ পরিবর্তে ঘন ঘন ‘বাট’ উচ্চারণ করতে থাকে। এভাবে ধনী ব্যাক্তিরা বিশাল বিশাল দৃষ্টি নন্দন ভবন তৈরি করে সুন্দর বাংলা নাম দিচ্ছেন। কিন্তু দামি পিতলের ওপর এই নামটা লিখছেন ইংরেজি অক্ষরে! এই যে অসঙ্গতির মূলে রয়েছে মুক্তবাজারপন্থী আভিজাত্যের অহমিকা। রাজধানীর ৯৫ ভাগ বিপনি বিতানগুলোর নাম ফলক ইংরেজিতে লেখা। এ সবই হচ্ছে ব্যবহারিক জীবনের কথা।
আর একটি বিপদ এই জগতে এসে হানা দিয়েছে। তা হলো, ইসলামের নামে দৈনন্দিন জীবনাচারে আরবির আগ্রাসন। এই আগ্রাসন আমাদের সংস্কৃতি এবং খেলাধুলার জগতকে আক্রান্ত করছে। এর উৎস ইসলামী জঙ্গিবাদ।
পশ্চিমা সাম্রাজ্যবাদিরা বাঙালির অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে ভয় পায়। কারণ এই চেতনা তাদের রাজনৈতিক এবং বৈষয়িক স্বার্থকে অবাধ স্বাধীনতা দেয় না। বাঙালি বাঙালি না হয়ে সৌদি আরবীয় মুসলমান হলে মাকির্নিরা নিজেদের বেশি নিরাপদ মনে করে। আইএস হলেও ক্ষতি নেই। ধুম ধাম কিছু বোমাটোমা ফেলবে এবং ঘাঁটি গেড়ে বসবে!
একুশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা দেয় তা হলো, রাষ্ট্রের ক্ষমতা দখল করলেই কর্তব্য শেষ হয় না। রাষ্ট্রকে হতে হবে ‘বিজয়ীদের’ রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্রকে আমরা ভেঙে ফেলে মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র, নতুন রাষ্ট্র দাঁড় করাতে ব্যর্থ হয়েছি। এই শিক্ষা এবং বাস্তবতা নতুন করে বাঙালির চেতনায় শান দিক, এবারের একুশ যেন এই আহবানই জানিয়ে যায়।


























































