পিএইচডি করা এবং তার পর চাকরি করার সুবাদে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিডনি মিলিয়ে প্রায় তের বছর বিদেশে অবস্থান করছি। এই দীর্ঘ সময়ে এ দুটি শহরে নানা দেশের নানা ভাষার মানুষের সাথে চেনা-জানা হয়েছে। অনেকের সাথে অনেক বেশি মেলামেশাও হয়েছে। তাদের মধ্যে অবশ্যই কিছু ভারতীয় ও পাকিস্তানি আছেন।
ছোটবেলা থেকেই পাকিস্তানিদের কখনও বন্ধু ভাবার উপায় ছিল না। কারণ, একটু বুদ্ধি হওয়ার পরই জেনেছি কিভাবে পাকিস্তানি শাসকরা বাঙালিদের ওপর অবিচার ও অত্যাচার করেছে। তাদের ওই অবিচার ও অত্যাচার শুরু হয়েছিল বাংলার পরিবর্তে উর্দুকে আমাদের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার মধ্য দিয়ে। বাংলা ভাষার বিপক্ষে তাদের যুক্তিগুলোর মধ্যে একটি যুক্তি ছিলÑ বাংলা হিন্দুদের ভাষা আর পাকিস্তান মুসলমানদের রাষ্ট্র। তাই বাংলা পাকিস্তানের রাষ্ট্র ভাষা হতে পারে না, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাদের এই যুক্তির পাল্টা যুক্তি হিসাবে আমি ভাবতাম এবং এখন ভাবি, ভাষার কোনো ধর্ম থাকতে পারে না। নিউজিল্যান্ডে আসার পর এই পাল্টা যুক্তির পাশাপাশি বাস্তব একটি সত্য আবিষ্কার করলাম। সেটা হলো, বাংলাকে যদি হিন্দু ভাষা বলা হয়, উর্দু আরও অনেকগুণ বেশি হিন্দু ভাষা।
কিভাবে? অকল্যান্ডে আমি প্রায়ই কিছু পাকিস্তানি ও ভারতীয়কে চুটিয়ে গল্প করতে দেখতাম। দখে মনে হতো তারা মাতৃ ভাষায় কথা বলছে। এভাবে ভারতীয়দের সাথে গল্প করা এক পাকিস্তানিকে একদিন জিজ্ঞেস করলাম (ইংরেজিতে), ‘তুমি তোমার ভারতীয় বন্ধুদের সাথে ইংরেজি ছাড়া আর কি ভাষায় কথা বল?’ উত্তরে সে বলল, ‘কেন, উর্দু বা হিন্দি একটা কিছু বলি’। আমিতো আবাক। জিজ্ঞেস করলাম, ‘তার মানে? তুমি ওদের হিন্দি বলতে এবং বুঝতে পার? ওরাও তোমার উর্দু বলতে এবং বুঝতে পারে?’ উত্তরে সে বলল, ‘হ্যাঁ। বলার সময় উর্দু আর হিন্দির মধ্যে তেমন পার্থক্য নেই। পার্থক্য শুধু লেখার ক্ষেত্রে। পরে বেশ কয়েকজন ভারতীয়ের সাথে প্রসঙ্গটি তুলেছি। তারাও বলেছে, হিন্দি ও উর্দুর মধ্যে পার্থক্য শুধু লেখায়, বলায় তেমন নয়। অথচ পশ্চিমবঙ্গের ভারতীয়রা ছাড়া আমি ওদের কাউকে বাংলা বলতে বা বুঝতে দেখিনি। তবে সোর্স ল্যাংগুয়েজ একই (সংস্কৃত) হওয়ার কারণে বেশকিছু শব্দের একই রূপে অথবা কাছাকাছিরূপে হিন্দি, উর্দু ও বাংলায় ব্যবহার দেখেছি, যা তাদের এবং আমাকেও আনন্দ দিয়েছে। যা-হোক, উর্দু ও হিন্দি ভাষাভাষীরা একে অপরের সাথে উর্দু বা হিন্দিতে ভাবের আদান প্রদান করলেও তাদের বাংলা না জানা এবং আমার উর্দু বা হিন্দি না জানার কারণে তাদের সাথে আমার কথোপকথনের সহজতর মাধ্যম হিসাবে ইংরেজি ছাড়া অন্যকোনো বিকল্প ছিল না। এভাবে এক মহামিলন দেখেছি ভারতের সংখ্যাগুরু সর্বভারতীয় হিন্দুর ভাষা হিন্দির সাথে ‘মুসলমানের ভাষা’ উর্দুর। অন্যদিকে, তুলনামূলকভাবে বিকর্ষণ দেখেছি এই দুই বন্ধু ভাষার সাথে বাঙালি মুসলমানদের ও ভারতের একটিমাত্র অঞ্চলের (পশ্চিমবঙ্গের) হিন্দুদের ভাষা বাংলার।
প্রিয় পাঠক, এবার বলুন ভাষার যদি কোনো ধর্মীয় পরিচয় থেকেও থাকে, কোনটি হিন্দু ভাষা বা কোনটি বেশি হিন্দু ভাষাÑ উর্দু না বাংলা? নিশ্চয় উর্দু। তাহলে পাকিস্তান সরকার কেন বাংলাকে হিন্দু ভাষা হিসাবে অভিহিত করে উর্দুকে মুসলমানদের রাষ্ট্রভাষা ঘোষণা করেছিল? যতটুকু মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় বদরুদ্দিন উমরের সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা অথবা সংস্কৃতির সংকট বইটিতে পড়েছিলাম, পাকিস্তান সরকার পশ্চিমবঙ্গ থেকে সেই সময়ের আমাদের বঙ্গের পার্থক্য করার উদ্দেশ্যে নানা রকম কালচারাল ক্রাইম করেছে। তারা আমাদের পাঠ্যপুস্তকে নজরুলের একটি কবিতায় ‘সজীব করিব মহাশ্মশান’-এর জায়গায় ‘সজীব করিব গোরস্থান’ লিখেছিল। এছাড়া কথিত আছে, তারা আমাদের একজন সাহিত্যিককে প্রশ্ন করেছিল যে, কেন তিনি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না। যা-হোক, অকল্যান্ডে যেসব পাকিস্তানির সাথে কথা হয়েছে তারা এসব ব্যাপারে সেই সময়ের রাজনীতিবিদদের দায়ী করেছেন এবং আমার যুক্তি, বক্তব্য ও মনোভাবের সাথে দৃশ্যত একমত হয়েছেন।


























































