গোমতি নদী। অনেকেই একে কুমিল্লার দুঃখ বলে ডাকলেও নদী তীরের মানুষের কাছে এ নদী আশীর্বাদ। অনেক ধরনের সবজির আবাদ হয় চরের দিগন্ত বিস্তৃত জমিতে। পলি মাটির কারণে বেশ উর্বর চরের মাটি। এখানের ফলনও হয় বাম্পার।
এই গোমতি নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে নষ্ট করা হচ্ছে ফসলি জমি এবং সেই সাথে হুমকিতে কুমিল্লা রক্ষাবাধও। ভ্রাম্যমান আদালত জেল জরিমানার পরও থামছেনা মাটি ব্যবসার অপতৎপরতা। প্রশাসন বলছে স্থানীয় কৃষকরা সচেতন হলে গোমতির চর রক্ষা করা সম্ভব।
এখানকার কৃষকরা বলেন,‘এখানকার জমি বেশ উর্বর, অনেক ধরণের ফসল হয় এই উর্বর মাটিতে। কিস্তু মাটি কাটার ফলে আমরা ফসলি জমি হারাচ্ছি। আমাদের দাবি এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেয়া উচিত।”
কিন্তু গত কয়েক বছর ধরে অবৈধভাবে চরের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় কিছু ব্যবসায়ী। কমছে কৃষি জমি, হুমকির মুখে পরেছে কুমিল্লা শহর রক্ষার বাধও।
স্থানীয় কৃষকরা বলছেন, কিছু লোক তাদের লোভ দেখিয়ে চরের মাটি কেটে নিচ্ছেন। যারা এভাবে তাদের জমির মাটি বিক্রি করেছেন তারা বলেন, ফসল বিক্রি করে আর কত টাকা পাই কিন্তু মাটি বিক্রি করে এর চেয়ে কিছু টাকা বেশি পাই।
কিন্তু মাটি বিক্রির পর যাদের জমির ক্ষতি হয়েছে তারা বলেন, সব সময় ফসল করে খেতে হবে কিন্তু মাটি বিক্রি করলে জমি গভীর হয়ে যায় এবং এ জমিতে কোন ফসল হবে না।
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘চরের মাটি কাটা বন্ধে প্রতিনিয়তই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এই মাটি কেটে গোমতি নষ্ট হয়ে গেলে শহরের বাধ ভেঙ্গে গেলে কুমিল্লা শহর বির্পযস্থ হবে, হুমকির মুখে পড়বে কুমিল্লা শহর। এক্ষেত্রে সামাজিক সচেতনতার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতনতাও আমরা প্রত্যাশা করি।’


















































