ডেস্ক রিপোর্টঃ
পিলখানায় বর্বরোচিত হত্যাকান্ডের সপ্তম বার্ষিকী আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহ করে জওয়ানরা। তারা দরবার হলে বিডিআরের তৎকালীন মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করে।
একপর্যায়ে তারা হত্যার উৎসবে মেতে উঠে। ধরে নিয়ে একে একে হত্যা করে সেনাবাহিনী থেকে প্রেষণে বিডিআরে আসা সেনা কর্মকর্তাদের। শুধু হত্যাই নয়, সেনা কর্মকর্তাদের লাশ ফেলে দেয়া হয় ড্রেনে, গণকবর করে দেয়া হয় মাটিচাপা।
লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ চালানো হয় সেনা কর্মকর্তাদের পিলখানার ভেতরে থাকা বাসায়। বিদ্রোহীরা বিডিআরের ডিএডি তৌহিদুর রহমানকে তাদের মহাপরিচালক ঘোষণা করে বিদ্রোহ অব্যাহত রাখে। সরকারের পক্ষ থেকে দফায় দফায় চেষ্টা করেও বিদ্রোহীদের আত্মসমর্পণ করানো যায়নি। পরে পিলখানার আশপাশের এলাকা থেকে মাইকিং করে লোকজনকে সরিয়ে দিয়ে অভিযানেরও ঘোষণা দেয়া হয়। শেষ পর্যন্ত সন্ধ্যায় আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। এরই মধ্যে পিলখানা থেকে পালাতে থাকে বিডিআর জওয়ানরা।
বিদ্রোহ শেষে পিলখানার গণকবর থেকে বেরিয়ে আসে একের পর এক লাশ। ২ দিনের বিদ্রোহে পিলখানায় ৫৭ সেনা অফিসার, ৯ বিডিআর সদস্য, ৭ সাধারণ মানুষ এবং একজন সেনাসদস্য নিহত হন। লোমহর্ষক ও মর্মান্তিক এ ঘটনার ৭ বছর পেরিয়ে গেছে।





























































