শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নং ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২৯১/৬-৭ রেল সেতুর নিচের মাটি সরে গেলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাষ্টার রুস্তুম আলী ফকির ও শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, এ ঘটনায় চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে,সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে। এতে যাত্রী সাধারণদের চরম দূর্ভোগে পড়েন।
রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ রেলসেতুতে সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কখন তা সম্ভব হবে, এখনই বলা যাচ্ছে না।























































