নিজস্ব প্রতিবেদক :
কিছু গণমাধ্যমে ট্রিম্যান আবুল বাজনাদারের দ্বিতীয় অপারেশন সম্পন্ন লিখলেও তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলছে, ড্রেসিং করা হয়েছে।
গত শনিবার আবুল বাজনদারের ডান হাতের পাঁচ আঙুলে প্রথমবারের মতো অপারেশন করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। এর কিছুদিনের মধ্যেই প্রথমবারের মতো ও আজ শনিবার দ্বিতীয়বারের মতো অপারেশনস্থল ড্রেসিং করা হয়।
মেডিকেল বোর্ডের সদস্য ও বার্ন ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্তলাল সেন আমাদের সময় ডটকমকে বলেন, আজ যেটা করা হলো সেটা ড্রেসিং। যদি কোনো গণমাধ্যমে এটাকে অপারেশন বলা হয়ে থাকে, সেটা ভুল তথ্য।
অপারেশনের পর বোর্ড প্রধান ঢামেক প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম, সদস্য ডা. সামন্ত লাল সেন, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কবীর চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, তিন সপ্তাহের আগে আবুলের ডান হাত পুনরায় অপারেশনের জন্য উপযোগী হবে না।
আজ শনিবার অপারেশনের এক সপ্তাহ পূর্ণ হলো।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল বাজনদার দারিদ্র্যের কারণে এত দিন সুচিকিৎসা পাননি। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁর ডান হাতটি থেকে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসকদের আশা, আবুল বাজনদার সেরে উঠবেন।
চিকিৎসকেরা বলছেন, আবুল বাজনদারসহ বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের তিনজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন- আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তার হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বাড়ছে।























































