আরিফুর রহমান মজুমদারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে প্রাণ হারিয়েছে এর তিন যাত্রী। এছাড়া আহত হয়েছেন ১২ জন।
রোববার (ফেব্রুয়ারি ২৮) ভোর সাড়ে চারটার দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের আবুল কালামের ছেলে ফারুক মিয়া (২৯), চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর এলাকার আব্দুল রাজ্জাকের স্ত্রী মুনাজা বেগম (৫৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত মেছার আলীর ছেলে সানোয়ার মিয়া (৫০)।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আহমেদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের উপর উঠে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। মরদেহ তিনটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































