শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢামেকে স্ইুপার ও নিরাপত্তা প্রহরী দিয়ে অস্ত্রোপচার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৬

dhamek-400x240
ডেস্ক রিপোর্টঃ

বিশেষজ্ঞ চিকিৎসক নয়, রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচারও চলছে সুইপার, নিরাপত্তা প্রহরী কিংবা তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে। প্রত্যন্ত অঞ্চল বা কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও মানুষের জীবন নিয়ে চলছে এই ধরনের কার্যক্রম।

ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগে চলছে এক রোগীর অস্ত্রোপচার চলছে। তবে ডাক্তার নয়, যিনি রোগীর ফাটা মাথা সেলাই করছেন তিনি একজন সুইপার। ওই একই বিভাগে আরেক রোগীর অপারেশনে ব্যস্ত দুজন, একজন ব্রাদার, আরেকজন সুইপার। এদের কারোরই নেই চিকিৎসা শাস্ত্রের একাডেমিক জ্ঞান, অপারেশন করার দক্ষতা। নিয়ম অনুযায়ী, এখানে থাকার কথা বিশেষজ্ঞ চিকিৎসকের। কিন্তু কোন ডাক্তারের প্রত্যক্ষ নির্দেশনা ছাড়াই, এমনকি কর্তব্যরত নার্সের অনুপস্থিতিতেই কিভাবে চলে এই অপারেশন? এসব বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা তারা কিছু বলতে অস্বীকার করে।

খোঁজ নিয়ে দেখা গেছে, এই ধরনের অস্ত্রোপচারের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র মানুষ। রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর খুব দ্রুত চিকিৎসা পাওয়াটাই থাকে তাদের মূল লক্ষ্য। আর সেই সুযোগটাই লুফে নেয় এখানকার অনেক সুইপার, ওয়ার্ডবয়সহ চতুর্থ শ্রেণীর কর্মচারিদের একটি চক্র। যাদের ঝুঁকিপূর্ণ চিকিৎসা থেকে বাদ যায় না ছোট্ট শিশুরাও। অদক্ষ, অপেশাদারদের হাতে গুরুতর অপারেশন নিয়ে এর আগেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবু তা অব্যাহত আছে। আর হাসপাতাল কর্তৃপক্ষও বরাবরের মতো তা অস্বীকার করে আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ হাতের অপারেশনের ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অনুমতি ছাড়া চিকিৎসা অপরাধের পর্যায়ে পড়ে। ঢাকা মেডিকেলে দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও সেদিকে মনোযোগ নেই কর্তৃপক্ষের। এ ধরনের ঘটনা বাড়তে থাকলে চিকিৎসকদের ওপর আস্থা হারানোর আশংকার কথা বলছেন অনেকেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি