ডেস্ক রিপোর্টঃ
আসন্ন জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বিএনপি দ্রুত গতিতে করছে। এরমধ্যে কাউন্সিল করার জন্য যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ও যে সব অধিবেশন কাউন্সিলে অনুষ্ঠিত হবে সেই সব কাজের অনেকগুলো এগিয়ে নিয়েছে। প্রাক প্রস্তুতি হিসাবে তারা ৯০ ভাগ কাজ শেষ করেছে। বাকি আছে আরো ১০ ভাগ কাজ। প্রাক প্রস্তুতি শেষ হলে পুরো দমে শুরু হবে কাউন্সিল করার মূল প্রস্তুতি পর্বের কাজ। সেই কাজওগুলোও ইতোমধ্যে শুরু করেছে। তবে ভেন্যু ঠিক হলে সেই সব কাজও শেষ হয়ে যাবে। ভেন্যু জটিলতা না কাটার কারণে বিএনপি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বিএনপির নীতি নির্ধারক একাধিক নেতা বলেছেন, সরকারকে এটা প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে। আর সেটা করার জন্য এটাও দেখাতে হবে যে অন্য দলের রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাঁধা দেয় না। এটা দেশের মানুষ ও বিদেশিরাও দেখতে চায়। এই নিয়ে সরকার চাপের মধ্যেও রয়েছে। সরকার বিএনপিকে কাউন্সিলের ভেন্যু না দিলে সেটা প্রমাণ হবে বিএনপির সব অভিযোগ মিথ্যে। আর সেটা যাতে প্রমাণিত না হয় সেই জন্য সরকার শেষ পর্যন্ত ভেন্যু দিবে। তবে সেটা ইলেভেনথ আওয়ারে।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, ভেন্যু তারা ইলেভেনের আওয়ারে পাবেন বলে ধারণা করছেন। এই কারণে তারা ভেন্যু নিয়ে অশ্চিয়তা থাকলেও কাউন্সিলের অন্য কোন প্রস্তুতি থামাচ্ছেন না। দলের ভেতরে কোন কোন নেতা বলেছিলেন, ভেন্যু না পেলে কাউন্সিল প্রয়োজনে পিছানোর জন্য। কিন্তু এখনও কাউন্সিল পেছানোর কোন সিদ্ধান্ত হয়নি। সেই রকম চিন্তা গভীরভাবেও করা হচ্ছে না। এখনও লক্ষ্য নির্ধারিত দিনেই কাউন্সিল করা। ১৯ মার্চ কাউন্সিল ২০ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন হলে বিএনপি কাউন্সিল পেছাতো। এখন কাউন্সিলের পরেও আরো দুই দিন থাকবে ইউপি নির্বাচনের। এই কারণে কাউন্সিল পেছানোর কথা ভাবছেন না খালেদা জিয়া ও তারেক রহমান। শেষ পর্যন্ত ভেন্যু না মিললে কেমন করে কাউন্সিল করবেন সেই বিষয়টি বিবেচনা করছেন তারা। পাশাপাশি এনিয়ে দুইজন আলাপও করেছেন। শেষ পর্যন্ত ভেন্যু না পাওয়া গেলে কি করবেন সেই বিষয়ে স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত নিবেন।
এদিকে সূত্র জানায়, বিএনপি এবার ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চালাতে চাইছে। এই জন্য যাদের সামজিক যোগাযোগ মাধ্যমের কোনটিতেই অ্যাকাউন্ট নেই সেটা যাতে খোলেন সেই ব্যাপারেও বলা হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও পর্যন্ত কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। তিনি তা না খুললেও তার নামে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ফেস বুক অ্যাকাউন্ট খুলেছে বলে জানতে পেরেছে বিএনপির দপ্তর। এই কারণে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছেন।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার এবার আমাদের কাউন্সিলের জায়গা দিতে চাইছে। তবে সেটা আগেভাগে নয়। হয়তো শেষ মুহুর্তে দিবে। সেটা কাউন্সিলের আগের দিনও হতে পারে। সেটা দিলেও আমরা কাউন্সিল করবো। সরকার যদি কোন কারণে কাউন্সিলের অনুমতি না দেয় তাহলে বিকল্প বিষয় বিবেচনায় রয়েছে। আমরা কোনো লুকোচুরি করে যেখানে সেখানে কাউন্সিল করতে চাই না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। এত বড় একটা দল এই দলের কাউন্সিল বেশ বড় করেই করা হবে। ইতোমধ্যে এই কাউন্সিলে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি থাকার ব্যাপারেও আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ভেন্যু মিললে তাকেও নিশ্চিত করা হবে। এদিকে বিএনপির নেতারা মামলা হামলার কারণে ও গ্রেপ্তার আতঙ্কের কারণে আতœগোপনে রয়েছেন। নেতাদের ও কর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য অনেক ক্ষেত্রে তারা ফেসবুকেরও আশ্রয় নিচ্ছে। আসন্ন কাউন্সিলের প্রচারের জন্য এবার তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোকে কাজে লাগাবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১৯ মার্চ জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত প্রচার ও ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হবে। পাশাপাশি ফেসবুক, ইন্টারনেটসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিলে যে সব নেতারা আসবেন সেই সব নামের নেতাদের তালিকা তৈরি করা হয়েছে। তারা আশা করা যাচ্ছে সবাই আসবেন। এতে সরকারের কোন পর্যায় থেকে বাধা দেওয়া হবে না। এদিকে বিএনপি কাউন্সিলের দিনে বিএনপির সেব নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, যারা মারা গেছেন, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও শোক প্রস্তাব আনা হবে। সেই ব্যাপারেও কাজ চলছে। তালিকা শেষ পর্যায়ে।
সূত্র জানায়, বিএনপি চাইছে এবারের কাউন্সিলে বেশি সংখ্যক বিদেশি উপস্থিত থাক। সেই বিবেচনায় অন্যান্য বার যে সব দেশের প্রতিনিধিরা কাউন্সিলে ছিলেন ওই সব দেশের বাইরেও এবার আরো বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের তালিকা চূড়ান্ত করেছে আন্তর্জাতিক উপ-কমিটি। তারা বিভিন্ন দেশে আমন্ত্রণ পাঠাবে। ভেন্যু চূুড়ান্ত হলেই সেটা তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো শুরু করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিলের জন্য ভেন্যু না পাওয়া গেলেও প্রস্তুতি থেমে নেই। এই কারণে আমাদেরকে সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিতে হচ্ছে। এক দিকে ইউপি নির্বাচন অন্যদিকে কাউন্সিল দুটোই করবো। আমরা তিনটি ভেন্যুতে কাউন্সিল করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত একটির ব্যাপারেও পুলিশ কোন ছাড়পত্র কিংবা অনুমতি পত্র দেয়নি। আবার সরকারও হল ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমিত দিয়ে কোন চিঠি দেয়নি। আমরা অপেক্ষা করছি।
তিনি বলেন, ভেন্যু পেলে দ্রুত কাজ করা যেত। পাশাপাশি কাজ করাও সহজ হতো। কিন্তু এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত না দেওয়ায় সব কাজ এগিয়ে নেওয়ার পরও আমাদেরকে সরকারের অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর ভেন্যু পেলে কাজের গতিও অনেক বেড়ে যাবে।























































