নিজ মেয়েকে বিস্কুটের সঙ্গে বিষ খাইয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত সাতক্ষীরার জোবেদ আলী উচ্চ আদালতে আপিলে খালাস পেয়েও ১৩ বছর ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে মুক্ত করার মতো কোনো স্বজন না থাকায় বছরের পর বছর তিনি কারাগারে অমানবিক অবস্থায় রয়েছেন। সপ্তাহ দুয়েক আগে সাতক্ষীরার একজন আইনজীবী ও কলারোয়ার একজন চেয়ারম্যানের মাধ্যমে তিনি তার আকুতি তুলে ধরেছেন। তারা তাকে আইনগতভাবে কারামুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হতভাগ্য এ কৃষক জোবেদ আলী কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের আমজেল বিশ্বাসের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জোবেদ আলীর মাথার চুল পেকে গেছে। এখন তার বয়স সত্তরের কাছাকাছি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম স্ত্রী কীটনাশক খেয়ে আত্মহত্যার পর জোবেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। ১৯৯৪ সালে শ্বশুরবাড়ি এসে তিনি তার প্রথম পক্ষের দুই মেয়ে লিলি ও রেশমাকে সঙ্গে নিয়ে বাজারে বেড়াতে যান। সেখানে তিনি তাদের বিস্কুট খাওয়ান। বাড়ি ফিরতে না ফিরতেই লিলি বমি করে কিছুক্ষণের মধ্যে মারা যায়। জোবেদ আলী বিষ মেশানো বিস্কুট খাইয়ে শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তার শ্বশুরবাড়ির লোকজন। এ ব্যাপারে থানায় দায়েরকৃত মামলায় তালা থানা পুলিশ জোবেদ আলীকে গ্রেফতার করে। ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর ঘটনার দিন থেকেই জোবেদ আলী জেলে আটক রয়েছেন। আটকের পর থেকে তিনি কোনোদিন জামিনও পাননি। এ মামলার বাদী তার শ্যালক মানিকহার গ্রামের কাসেম আলী।
৩০২ ধারার এ হত্যা মামলার বিচারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এই হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারে ২০০১ সালের ১ মার্চ তাকে যাবজ্জীবন কারাদ- এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদ- দেয়া হয়।
দ-িত জোবেদ আলী লোকমুখে জানতে পারেন যে জেলে থেকেও উচ্চ আদালতে এ মামলার আপিল করা যায়। তিনি জেল আপিলের সেই সুযোগ নেন। ২০০৩ সালের ১৯ জুন আপিলে তিনি খালাস পান। জেলে বসে তিনিও জানতে পারেন তার খালাসের খবর। খালাসপ্রাপ্তি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সাতক্ষীরার নিু আদালতে পৌঁছায়। উচ্চ আদালত সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসককে জোবেদ আলীর মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে এ সংক্রান্ত কাগজপত্র রেকর্ডরুমে পৌঁছানো হলেও তা কারাগারে পৌঁছায়নি। ফলে জোবেদ আলীও মুক্তি পাননি।
সম্প্রতি তার মুক্তি চেয়ে সাতক্ষীরার আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান (২) আদালতে প্রার্থনা জানান। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়)-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আশরাফুল ইসলাম রোববার শুনানি শেষে দুটি নির্দেশনা দিয়েছেন। এতে তিনি বলেন অতিসত্বর জোবেদ আলীকে যশোর কারাগার থেকে সাতক্ষীরার আদালতে হাজির করতে হবে। একই আদালত অপর আদেশে জানান তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখবেন। সেখানকার নির্দেশনা পাওয়ার পরই ব্যবস্থা নেবেন।























































