ইমতিয়াজ আহমেদ জিতুঃ
চারদিনে চারটি শিশু হত্যার ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে কুমিল্লা জেলায়। এক কথায় আতংকের জনপদে পরিণত হয়েছে কুমিল্লা জেলা। অভিভাবকদের কপালেও চিন্তের ভাঁজ পড়েছে। যদি আইনশৃঙ্খলা বাহিনী সদর দক্ষিণের আপন দুই ভাইয়ের ঘাতক ও লাকসামের হোসেন হত্যায় জড়িত একজনকে আটক করেছে। তারপরেও আতংক-ভয় রয়েই যাচ্ছে। ইদানিং কুমিল্লা জেলায় হত্যাকান্ড বেড়ে গেছে। বেড়েছে নারী নির্যাতনের ঘটনাও ।
বিশিষ্টজনরা মনে করছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধন প্রতিনিয়ত দুর্বল হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আইনের ফাঁক-ফোকরে দোষীদের মুক্তি পাওয়া, অপরাধিরা অপরাধ করে সহজে পার পেয়ে যাওয়ায় অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিন দিন হ্রাস পাচ্ছে ।
২৭ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকায় ঘরের মধ্যে শ্বাসরোধ ও গলায় দড়ি পেচিঁয়ে হত্যা করা হয় স্থানীয় মুদি দোকানদার আবুল কালামের দ্বিতীয় সংসারের দুই ছেলে শিশু জয় (৮) ও মনিকে (৬) হত্যা করে প্রথম সংসারের সন্তান ছোটন। এ ঘটনার পর প্রথম সংসারের দুই সন্তান ছোটন ও তানজিনা পালিয়ে যায়।
শনিবার (২৭ ফেব্রয়ারী) রাতে দুই শিশুর মাতা রেখা বেগম বাদি হয়ে ছোটনকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি দায়ের করে। ২৮ ফেব্রুয়ারী বাড়িতে ফিরে আসেন সৎ বোন তানজিনা। ২৯ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক সাইফুল ইসলামের কাছে জবানবন্দি দেন তানজিনা । ২৯ ফেব্রুয়ারী রাতে ঢাকার মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ঘাতক ছোটনকে আটক করে ডিবি পুলিশ। দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছোটন। জবানবন্দিতে ছোটন জানান, বাবা দ্বিতীয় বিয়ের পর তার মাসহ প্রথম পক্ষের সন্তানদের প্রতি বাবা ও সৎ মায়ের বিরূপ আচরনের প্রেক্ষিতে বিক্ষুদ্ধ হয়ে এ হত্যাকান্ড করি। সৎ ভাই মেহেদী হাসান জয়কে(৯), চিপস আনার জন্য দোকানে পাঠিয়ে দিয়ে ছোট ভাই মেজবাহুল হক মনিকে (৬), রশি দিয়ে হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর অপর সৎ ভাই জয় চিপস নিয়ে ঘরে ফিরলে তাকেও একই ভাবে হত্যা করে বলে স্বীকার করে ছোটন। পরে ধরা পড়ার ভয়ে পালিয়ে ঢাকায় চলে যান ছোটন। ঘাতক আরো জানায়, তার পিতা আবুল কালাম অনুমান ১০ বছর পূর্বে তার মাকে রেখে আর একটি বিয়ে করে এবং তার পিতার পরবর্তী সংসারে জয় (৯) ও মনি (৬) দ্বয়ের জন্ম হয়। এরপর থেকেই তার পিতা এবং সৎ মা তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ শুরু করে এবং তার লেখাপড়ার খরচ কমিয়ে দেয়। তার ছোট বোনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। সর্বশেষ জানতে পারে তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। এ সব পুঞ্জিবিত ক্ষোভের কারণে সে তার ছোট দুই সৎ ভাই জয় (৯) ও মনি (৬)কে হত্যা করে।
পরদিন ২৮ ফেব্রুয়ারী কুমিল্লার লাকসাম উপজেলার চুনাতি ছোট চাঁদপুর গ্রামের একটি ডোবা থেকে অটোরিক্সা চালক মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসেনের (৮) লাশ উদ্ধার করে থানা পুলিশ। ২৭ ফেব্রুয়ারী দুপুর ৩টায় মোহাম্মদ হোসেন বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ২৯ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে নিহতের পিতা মোহাম্মদ মোস্তফা কামাল বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার (২৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ছোট চানপুর (চুনাতি) এলাকা থেকে এনায়েত উল্ল্যাহর ছেলে মোঃ রমজান আলী রাজুকে আটক করে পুলিশ। আটক হওয়া মোঃ রমজান আলী রাজু পুলিশকে জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টায় নিহতের পার্শ্ববর্তী বাড়ির বিকাশ বাবুর বাড়ি হতে সে ও মোহাম্মদ হোসেন দুজনেই ডাব চুরি করার জন্য নারিকেল গাছে উঠিলে এক পর্যায়ে মোঃ হোসেন গাছ হতে পড়ে নাক দিয়ে রক্ত বাহির হতে থাকে। তখন মোঃ রমজান আলী রাজু গাছ হতে নেমে মোহাম্মদ হোসেনের নাড়াচাড়া না দেখে ভিকটিমের পকেট হতে মোবাইল ফোনটি নিজ পকেটে রেখে ভিকটিমকে প্রথমে শুকনা খাদে এবং পরবর্তীতে ডোবায় ফেলে চলে যায়। আটক হওয়া রমজান আলী রাজুর তথ্যমতে তার কর্মস্থল লাকসাম জংশন বাসস্ট্যান্ডস্থ শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ হতে মোহাম্মদ হোসেনের সাথে থাকা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
সদর দক্ষিণের দুই শিশু ও লাকসামের এক শিশুর হত্যার রেশ কাটতে না কাটতেই ১ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মনোহরগঞ্জ উপজেলা বাজারের পূর্বপাশে অবস্থিত রাজের গড় নামক স্থানে একটি খালের পাশ থেকে হোটেল শ্রমিক খোকন মিয়ার ছেলে দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনের (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
তিন উপজেলায় চার শিশু হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল ও কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন। নিহতের পরিবারকে সান্তনা দেওয়ার পাশাপাশি দিয়েছেন আর্থিক অনুদানও।
কুমিল্লা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন জানান, দুটি হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন মনোহরগঞ্জের রিয়াদ হত্যাকান্ডের বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আমরা আইনের আওতায় আনতে পারবো।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, এসব হত্যাকান্ড খুবই দুঃখজনক। শিশু হত্যা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতাই পারে শিশু হত্যাকান্ড প্রতিহত করতে।



















































