শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির র্শীষ দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৬

116-400x266

ডেস্ক রিপোর্টঃ

বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান আবারও বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। দলের র্শীষ এই দুই পদে তাদের পক্ষেই শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

তবে এখনই তাদেরকে নির্বাচিত বলার সুযোগ নেই কারণ তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনো জমা দেননি। আগামী ৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার পর, ৫ তারিখ বাছাই ও ৬ তারিখ প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার বিকেলে মনোনয়নপত্র বিতরণ শেষে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্বাচনের জন্য প্রার্থীদের নেওয়া মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করবে এজন্য গঠিত নির্বাচন কমিশন। তবে ৬ মার্চ প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য। এ সময় তার পাশে সহকারি রিটার্নি অফিসার এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকাল ১০টা ২০ মিনিট থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে চেয়ারপারসন পদে খালেদা জিয়ার পক্ষে মনোননয়পত্র নেন তার নির্বাচনী এজেন্ট ও দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বিকেল ৩টা ২৭ মিনিটে রিটার্নিং অফিসারের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম নেন তার নির্বাচনী এজেন্ট ও দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

মনোনয়ন ফরম সরবরাহ শেষে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খান বলেন, চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের জন্য পৃথকভাবে দু’জন মনোনয়নপত্র নিয়েছেন। চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার দেওয়া নিয়োগপত্র দেখিয়ে মনোনয়নপত্র নিয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের পক্ষে নিয়োগপত্র দেখিয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও জন্য মনোনয়ন নিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

তিনি বলেন, পুরোটা সময় অপেক্ষা করেছি, আর কেউ মনোনয়নপত্র নেয় কী না। কিন্তু আর কেউ মনোনয়নপত্র নেয়নি। এখন গঠিত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসাররা সেটা যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেবে। এরপর প্রত্যাহারের শেষ সময় (৬ মার্চ, সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত) পর্যন্ত অপেক্ষা শেষ পরবর্তী করনীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুরো নির্বাচনী কার্যক্রম চালানো হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সব কিছু বিএনপির গঠনতন্ত্রের আলোকে চলছে।

১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের দিন বিএনপি শীর্ষ দুই পদ চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন পদে আছেন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান এই পদটিতে বর্তমানে আছেন তারেক রহমান।

গত ২৯ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ক্ষেত্রে প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ (ত্রিশ) বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হওয়ার শর্ত ছিলো। ৪ মার্চ সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ৫ মার্চ বেলা ১১ টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনায়নপত্র বাছাই এবং ৬ মার্চ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনায়ন পত্র প্রত্যাহার করা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি