স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিটমান এলাকা থেকে সিয়াম আহম্মেদ মাহিন (২৩) নামের এক অপহৃত প্রবাসীকে উদ্ধার করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় মোঃ মোতালেব হোসেন (২৩) ও আক্তার হোসেন (২৬) নামের দুই অপহরণকারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৫ টায় র্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। রাত ৭ টায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে র্যাব এ তথ্য জানায়।
অপহৃত প্রবাসী সিয়াম আহম্মেদ মাহিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে।
আটক হওয়া অপহরণকারি মোঃ মোতালেব হোসেন ও আক্তার হোসেন দাউদকান্দি উপজেলার ভিটমান এলাকার সাদেক মেম্বারের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, অপহরণকারিরা ১৫ দিন আগে প্রবাসীকে ঢাকা থেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার ভয়ে এতদিন মামলা করেনি। দুয়েকদিন ধরে অপহরণকারিরা মুঠোফোনে মুক্তিপণ নিয়ে দাউদকান্দির ভিটমান এলাকায় আসার জন্য বলে। আজ সকাল সাড়ে ৯ টায় অপহৃতের পরিবার এ বিষয়টি আমাদের জানায় । এ অপহরণের সংবাদ পেয়ে র্যাব টিম উদ্ধার কাজ শুরু করে। বিকালে এ অভিযান সফল হয়।


















































