স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ভূমি অফিস সহকারি হুমায়ূন কবীরের বিরুদ্ধে কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
হুমায়ূন কবীরের প্রথম স্ত্রী নাজমা আক্তার স্বর্ণা মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪৫/১৬ ইং।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত মামলাটি আমলে নিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশের কপি প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে অত্র ট্রাইব্যুনালে অনুসন্ধান প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হুমায়ূন কবীর জেলার দেবিদ্ধার উপজেলার ছোট আলমপুর গ্রামের ফজলুল হকের পুত্র। বর্তমানে হুমায়ূন কবীর মুরাদনগর উপজেলা ভূমি অফিস সহকারি হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণীতে জানা গেছে, হুমায়ূন কবীর দাউদকান্দি উপজেলা ভূমি অফিস সহকারি হিসেবে কর্মরত থাকাকালিন সময়ে জমি-জমার কাগজপত্র সংক্রান্তে ভূমি অফিসে গেলে জেলার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের অধিবাসী দুই সন্তানের জননী নাজমা আক্তার স্বর্ণার সাথে পরিচয় হয় হুমায়ূন কবীরের। প্রবাসী স্বামী স্বর্ণার প্রতি উদাসীন ছিল। আর সুযোগটিকেই পূঁজি করে হুমায়ূন কবীর। সুখ-শান্তির প্রলোভনে সখ্যতা গড়ে তুলে স্বর্ণার সাথে। ফুসলিয়ে স্বর্ণাকে দিয়ে তার স্বামীকে তালাক প্রদানে বাধ্য করেন হুমায়ূন কবীর। অবশেষে হুমায়ূন কবীর-স্বর্ণার শুরু হয় নবজীবন। এরপর স্বর্ণার কাছ থেকে বিভিন্ন কৌশলে (র্স্বণার পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকা) ২৭ লাখ টাকা হাতিয়ে নেন হুমায়ূন কবীর। এরই মধ্যে স্বর্ণা অবগত হয় হুমায়ূন কবীরের রয়েছে ইসরাত জাহান শান্তা নামের আরো একজন স্ত্রী। হুমায়ূন কবীরের অসৎ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে স্বর্ণা অবগত হলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। স্বামী হুমায়ূন কবীরের নির্যাতনে স্বর্ণার গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটে। এ ঘটনায় হুমায়ূন কবীর ও তার দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান শান্তাসহ ৪ জনকে আসামী করে আদালতে মামলাটি দায়ের করেন স্বর্ণা।


















































