স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাংবাদিক সাদেকুর রহমানকে হত্যার চেষ্টা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া হানিফ সরকারকে বৃহস্পতিবার পুলিশ কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ আইনজীবী হানিফকে কারাগারে প্রেরণ করেন।
নবগঠিত বাঙ্গরা থানার পুলিশ গত বুধবার (২ মার্চ) রাতে উপজেলার হিরাপুর গ্রামের দক্ষিণপাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
এর আগে ভারতের দৈনিক ভাষ্কর পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ সাদেকুর রহমানের গ্রামের বাড়ি মুরাদনগরের বাঙ্গরায় সাদেকুরের উপর হামলা করে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা । এ ঘটনায় সাংবাদিক একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বাঙ্গরা এলাকার হানিফ ও তার অন্য ভাইয়েরা দীর্র্ঘদিন ধরে সাংবাদিক সাদেকুর রহমানের পৈতৃক বাড়ি ও জমি-জমা দখলের পাঁয়তারা করে আসছিল। ইতিপূর্বেও হানিফ গং সাদেক ও তার বড় ভাই শাহাদাৎ হোসেনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি দখল করে স্থাপনা নির্মাণ করতে গেলে খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে বাধা দিলে গ্রেফতারকৃত হানিফ ছাড়াও তার বড় ভাই ইউনূস, মাওলানা রেজাউল করিমসহ সঙ্গীয় লোকজন হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে সাদেককে হাত ও মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। সাংবাদিক সাদেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনূস ও হানিফ হত্যা, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামী । মাওলানা করিম পাকিস্তানের তাইয়েবিয়া কাদেরিয়া দরবার শরীফের বাংলাদেশের খলিফা হিসেবে নিযুক্ত রয়েছে। মাওলানা করিমের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ। তার বিরুদ্ধে পূর্বে স্থানীয় ও দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।


















































