নতুন আইন কার্যকরের শর্ত হিসাবে জুলাই থেকে শুরু হচ্ছে অনলাইনে ভ্যাট আদায়। তবে অন লাইনে ভ্যাট আদায়ে সব বাণিজ্যিক ব্যাংক এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে সংশিষ্টরা। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে জটিলতা বাড়ার পাশাপাশি সাইবার আক্রমণের আশঙ্কা করছেন ব্যাংক কর্মকর্তরা।
সনাতন পদ্ধতিতে ভ্যাট দেয়ার ক্ষেত্রে হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। আবার আইনের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে। হয়রানি ও ফাঁকি বন্ধে জুলাই থেকে অনলাইনে ভ্যাট আদায় কার্যক্রম চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।
ভ্যাট আদায় সংক্রান্ত আয়োজিত সেমিনারে ব্যাংক কর্মকর্তারা জানালেন, অনলাইন ব্যবস্থা সম্পর্কে এখনও পুরোপুরি জানেন না তারা। এই প্রক্রিয়ার কিছু নেতিবাচক দিক তুলে ধরেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তরা।
অনলাইনের ভ্যাট আদায়ের ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘যত বেশি অটোমেশনে আমরা যাব তত আমাদের ঝুঁকি বাড়বে। তাই সর্বক্ষণ খেয়াল রাখতে হবে কি করে সকল লেনদেনকে ঝুঁকিমুক্ত রাখা যায়’। সেমিনারে ভ্যাট ও আয়কর একিভূত করে আদায়ের পরামর্শ দেয়া হয় অর্থমন্ত্রণালয় থেকে।
























































