স্টাফ রিপোর্টারঃ
লটারীর নামে গণজুয়া বন্ধ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। গত ১ মার্চ থেকে কুমিল্লা স্টেশন ক্লাবে শুরু হওয়া মেলা উপলক্ষে নগরীজুড়ে লটারীর নামে গণজুয়া চালিয়ে যাচ্ছিল একটি প্রতিষ্ঠান। লটারীর নামে কুমিল্লায় গণজুয়া চালানো হবে বিষটি জেলা প্রশাসকের নজরের আড়ালে রাখা হয়। গণ জুয়া চলাকালে জেলা প্রশাসক সরকারি কাজে দুদিন ঢাকায় অবস্থান করেছিলেন। ঢাকা থেকে জেলা প্রশাসক কুমিল্লায় এসে ওই দিনই জুয়ার বিষয়টি অবহিত হয়ে নিজ উদ্যোগে শনিবার রাতেই তাৎক্ষণিকভাবে এ গণজুয়া বন্ধ করে দেন।
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জান কল্লোল বলেন, কোন অনিয়ম বা অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা। তিনি বলেন, এটি একটি অন্যায় হচ্ছিল। দুঃখের বিষয় আমাকে কেউ এ বিষয়ে বুঝিয়ে বলেননি। বললে আমি কোনভাবেই এমন অন্যায় হতে দিতামনা। তিনি বলেন, এ জুয়া বন্ধ হয়ে গেছে। আর চালু হবেনা। তবে শনিবার টিকিট বিক্রির একটা র্যাফেল ড্র সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে । তা না হলে যারা টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা বঞ্চিত হতেন।
জেলা প্রশাসকের এ সিদ্ধান্তের কথা নগরীতে ছড়িয়ে পড়লে কুমিল্লাবাসী জেলা প্রশাসককে অভিনন্দন জানান।
জানা গেছে, একটি অসাধুচক্র কুমিল্লা স্টেশন ক্লাবের মেলাকে পুজি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিতে তৎপর হয়ে ওঠে। তারা সরকারী কোন প্রকার অনুমোদন বিহীন লটারীর নামে অবৈধ গণ জুয়া শুরু করে। স্কুল কলেজের শিক্ষার্থী নিরীহ মানুষসহ হাজার মানুষ প্রতিদিন ওই লটারীর জালে আটকে টাকা হারায় । প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লা নগরীতে সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইক ও রিকশায় করে ৬২ টি যান চটকদার বিজ্ঞাপন দিয়ে নগরীজুড়ে টিকিট বিক্রির জন্য ছুটে বেড়ায়। সেই সাথে নগরীর গুরুত্বপূর্ণ দেড়শতাধিক মোড় ও পয়েন্টে টেবিল বসিয়ে ২০ টাকা মূল্যের ওইসব টিকিট বিক্রি শুরু করে। আর এ কাজে নিয়োগ দেয়া হয় শতাধিক লোককে। তাদের প্রত্যেক প্রতিদিন সাত শত টাকা করে বেতন দেয়া হতো।
কোন প্রকার অনুমতিবিহীন এ লটারীতে গাড়ি মটর সাইকেল টিভি গরু ফ্রিজসহ বিভিন্ন লোভনীয় অফার থাকার টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। আর এ টিকিট কিনে অর্থ হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিনের লটারীতে প্রতিদিনের পুরস্কার দেয়ার ঘোষণা থাকায় এর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায়।
লটারীর এসব টিকিট কিনতে স্কুল কলেজের শিক্ষার্থীদের ভীর দেখা যায় সবচেয়ে বেশি। তারা টিফিন না করে টিফিনের টাকায় ওই সব টিকিট কিনে না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছে বলে অভিভাকরা অভিযোগ করেন।
টিকিট বিক্রেতাদের যানগুলো প্রতিদিনই বাড়ছে। প্রথমে ১০/১৫টি যান দিয়ে টিকিট বিক্রি করলেও এ সংখ্যা এখন ৬২টিতে দাঁড়িয়েছে। এসব যান থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টিকিট বিক্রি হয়। এছাড়া বিভিন্ন মোড়ে রাখা অর্ধশতাধিক টেবিল থেকে বিক্রি হয় অারো প্রায় ২০ হাজার টিকিট। এসব টিকিট বিক্রি থেকে প্রতিদিন অন্তত ১২ লাখ টাকা আদায় করছে ওই চক্রটি।
এ ঘটনাটি জেলা প্রশাসক মো, হাসানুজ্জামান কল্লোলের নজরে আসলে তিনি তাৎক্ষণিক এ মেলা বন্ধ করে দেন।
কুমিল্লার সচেতন নাগরিকদের মন্তব্য, কুমিল্লা জেলা প্রশাসক কারো পক্ষপাত না করে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।


















































