ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ হ্যাক হওয়ার দাবি অস্বীকার করেছে। ওয়ালস্ট্রিট জার্নাল
সোমবার ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার কোন প্রমাণ তাদের কাছে নেই।
সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দাবি অনুযায়ী হ্যাকাররা ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এর প্রতিক্রিয়ায় সোমবার এ বিবৃতি প্রকাশ করে ব্যাংকটি।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের মুখপাত্র এ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন, এখন পর্যন্ত পেমেন্ট সংশ্লিষ্ট প্রশ্নে ফেডারেল রিজার্ভ ব্যবস্থাপনায় হ্যাক হওয়ার কোন প্রমাণ নেই। পাশাপাশি ফেডারেল সিস্টেম সংকটাপন্ন হওয়ার কোন প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে প্রায় ৮০০ কোটি ডলার হাতিয়ে নেয় চীনের হ্যাকাররা। এ অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছে। শ্রীলঙ্কা থেকে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হলেও ফিলিপাইনে পাচার হওয়া প্রায় ৬০০ কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইনের আদালতে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হয়েছে। আর ফিলিপাইনের অর্থ আদায়ে তাদের মানিলন্ডারিং বিভাগের সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ইতোমধ্যে মামলা করা হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে অর্থ ফিরিয়ে আনা হবে।























































