
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :
কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক চাপায় মোঃ জসিম উদ্দিন (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আকতারুজ্জামানের বড় ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক নিমসার থেকে চৌদ্দগ্রামে যাওয়ার পথে একটি পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের ওপর থাকা জসিম উদ্দিন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৪ ফেব্রুয়ারী রাতে তার মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন।

















































