স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলার ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের মতামত ছাড়াই ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়েছে। এ অসাংগাঠনিক কার্যক্রমের বিষয়ে দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত পদক্ষেপ না নিলে আমরা কুমিল্লা আর্দশ সদরের ৬ ইউনিয়ন আওয়ামীলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করবো।
সোমবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে কুমিল্লা আর্দশ সদরের ৬ ইউনিয়নের আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা এক লিখিত বক্তব্যে জানান, ইউপি নির্বাচনে কুমিল্লা সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চলছে। দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের সমন্বয়ে সভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটি আলোচনা করে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করে সুপারিশসহ থানা কমিটির কাছে জমা দিবে। পরে থানা কমিটি এ বিষয়টি জেলা আওয়ামীলীগ কমিটির কাছে পাঠাবে। জেলা আওয়ামীলীগ কমিটি তৃনমূলের মতামতের প্রতি সম্মান রেখে সুপারিশপূর্বক কেন্দ্রিয় আওয়ামীলীগের নিকট চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঠাবে। কিন্তু কুমিল্লা সদরের ৬টি ইউনিয়নে এ নিয়ম মানা হয়নি। প্রার্থী নির্বাচনে মতামত নেওয়া হয়নি ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীদের।
কুমিল্লার আওয়ামীলীগ চলছে স্থানীয় সদর এমপি আক ম বাহাউদ্দিন বাহারের অঙ্গলীর নির্দেশে। এখানে কারো মতামতের কোন মূল্য নেই।
বিগত ২০১৫ সালের ৫ নভেম্বর মো: জাহাঙ্গীর আলম রতনকে আহবায়ক করে সদর উপজেলা আ’লীগের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত স্বাভাবিক গতিতে চলছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারী রাতের অন্ধকারে সদ্য কুমিল্লা জেলা আওয়ামীলীগের কর্মী সভার মাধ্যমে গঠিত প্রস্তাবিত কমিটির সভাপতি মুস্তফা কামাল ও সাধারন সম্পাদক মুজিবুল হকের যৌথ স্বাক্ষরে কুমিল্লা কোতয়ালী থানা আওয়ামীলীগের ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অতি দু:খের বিষয়, বর্তমানে কোতয়ালী থানা কমিটিতে যাকে আহবায়ক করা হয়েছে তিনি কুমিল্লা সদরের বাসিন্দা নন। যখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তখনও জেলা কমিটি পুর্নাঙ্গ কমিটি করতে পারেনি, এমনকি কেন্দ্রীয় কমিটি তথা সভানেত্রী শেখ হাসিনার অনুমোদন পায়নি।
এদিকে ইউনিয়ন আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের সাথে কোন আলোচনা না করে, সভা না করে কুমিল্লা কোতয়ালী থানা আওয়ামীলীগের এই আহবায়ক কমিটি গত ২৩ ফেব্রুয়ারী থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। পরে প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে গত ৮ মার্চ কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট জমা প্রদান করে। উল্লেখ্য যে, ইউপি নির্বাচনে তাদেরকেই প্রার্থী করা হয়েছে, যারা গণমানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে স্থানীয় এমপির হাত ধরে আওয়ামীলীগে যোগদান করেছে।
অতি দুঃখের বিষয়,আমরা মাঠ পর্যায়ে রাজনীতি করি, অথচ প্রার্থী নির্বাচনে আমরা কোন মতামত দিতে পারিনি। আমাদের ইউনিয়ন কমিটি গুলোর মেয়াদ আছে চলতি বছরের মে মাস পর্যন্ত। এসব অসাংগাঠনিক কার্যক্রমে ৬ ইউনিয়ন নেতা কর্মীরা আজ ক্ষুব্ধ এবং হতাশ। তারা সকলে এই অনিয়মের ন্যায় বিচারের প্রত্যাশা করছে প্রধানমন্ত্রীর কাছে। যদি আমরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার না পাই তাহলে ৬ ইউনিয়ন আওয়ামীলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করতে বাধ্য হবো।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরের ৪ নং আমড়াতলী ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আবুল বাসার, সাধারণ সম্পাদক হাজী মো: মোমিনুল ইসলাম শিবলী ভূইয়া, কালীবাজার ইউনিয়নের সভাপতি জহুর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল হক, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পাচঁথুবী ইউনিয়নের সভাপতি হাজী মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, জগন্নাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোহন ও সাংগাঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ এয়াকুব আলী, সাংগাঠনিক সম্পাদক মফিজসহ অপর ৫ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।


















































