সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন গভর্নর ফজলে কবির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৬

1814-400x396

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় তোপের মুখে পড়ে গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ও বর্তমানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবির।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘ফজলে কবিরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে তাঁকে কাজ করতে বলা হয়েছে।’
জানাযায়, নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া সাবেক অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি নিয়োগের খবর জানতে পেরেছেন। আগামী ১৮ মার্চ তিনি দেশে ফিরে দ্বায়িত্ব গ্রহণ করবেন।
ফজলে কবির ১৯৮০ সালের অক্টোবরে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে (পরিবহন এবং বাণিজ্যিক) ক্যাডারে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৩ সালে ফজলে কবির বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
ফজলে কবিরের দীর্ঘ ৩৪ বছরের পেশা জীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠপর্যায়েও প্রশাসকের দায়িত্ব সুচারুভাবে দক্ষতার সঙ্গে পালন করেন।
তিনি কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির ঘটনার কারণে গভর্নর পদ থেকে সরে দাঁড়ান গভর্নর ড. আতিউর রহমান। এরপর প্রাথমিকভাবে অন্তবর্তী গভর্নরর হিসেবে ডেপুটি গভর্নর আবুল কাশেমকে দ্বায়িত্ব দেয়ার পরপরই নতুন গভর্নর নিয়োগ দেয়া হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি