ডেস্ক রিপোর্টঃ
বিএনপির কমিটি ঘোষণা করতে একটু সময় লাগবে, একটি ভালো কমিটি ঘোষণা করার জন্য দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সময় নিচ্ছেন, আমি মনে করি তার আরো সময় নেয়া উচিৎ। সোমবার সকালে দৈনিক আমাদের অর্থনীতির কার্যালয়ে এক বৈঠকে এসব কথা বলেন, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক।
১৯ মার্চ বিএনপির কাউন্সিল হলেও এখনও কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি গঠন করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
এ দু’জনের অক্লান্ত পরিশ্রমে চলতি সপ্তাহের শেষ নাগাদ আলোর মুখ দেখতে পারে বিএনপির নতুন কমিটি। প্রথম দফায় মহাসচিব ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটির নাম ঘোষণা হতে পারে। দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
এছাড়া যুগ্ম মহাসচিবসহ দলটির আংশিক কমিটি এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে কাউন্সিল শেষে কমিটি ঘোষণায় বিলম্ব হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।
সূত্রটি আরো জানায়, লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কমিটি নিয়ে সার্বক্ষণিক আলাপ পরামর্শ করছেন খালেদা জিয়া। সিনিয়র কিছুসংখ্যক নেতার সঙ্গে কমিটির বিষয়ে খোলামেলা আলাপ না করলেও এ বিষয়ে তাদের সঙ্গে কৌশলে মতবিনিময় করছেন। পাশাপাশি কঠোরভাবে মুখ খুলতে বারণ করে দেয়া হচ্ছে তাদের। নির্বাহী কমিটি গঠনে তৃণমূল থেকে নেতাদের বায়োডাটা খতিয়ে দেখছেন, খোঁজখবর নিচ্ছেন। বিগত আন্দোলন-সংগ্রামে কার কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ, আন্দোলনে থাকা নেতাদের সামনের সারিতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা জিয়া। লন্ডনে তারেক রহমানের কাছেও যাচ্ছে নেতাদের আমলনামা।
কাঙ্খিত পদের তালিকায় নিজের নাম আছে কি না-তা জানতে হরহামেশা ফোন দিচ্ছেন সংশ্লিষ্টদের। কেউ কেউ গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভেতরের খবর জানার জন্য টাইপিংয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদেরও নক করছেন তারা।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত এক সভাপতি সম্প্রতি কুড়িগ্রাম থেকে এসে গুলশান কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সহ-সম্পাদক হিসেবে তার নাম কমিটিতে থাকছে কি না, তা জানার জন্যই তার এই তোড়জোড়।
কিন্তু গুলশান কার্যালয় থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, সেখানে কোনো কিছুই হচ্ছে না। কমিটি গঠনের কাজ হচ্ছে অন্য জায়গায়। সূত্রমতে, আগাম ফাঁস হওয়ার শঙ্কা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কমিটি গঠনের কাজ নিজ দপ্তরে না করে বাসভবনে বসে করছেন। যেখানে নেই কারো প্রবেশাধিকার। ফলে দলের শীর্ষ নেতা, কর্মকর্তা বা অফিস স্টাফরাও জানতে পারছেন না, কাকে কোন পদে বসাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, কেমন হচ্ছে কমিটির আকার, কে বাদ পড়ছেন অথবা নতুন করে কে বা কারা ঢুকছেন বিএনপির কমিটিতে।
এদিকে কমিটি গঠনের বড় কাজটি হচ্ছে লন্ডনে। সেখানে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অতি গোপনীয়তার মধ্যে কমিটি গঠনের কাজ করছেন।
লন্ডন সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মত তারেক রহমানও কমিটি গঠনের ক্ষেত্রে আশপাশে কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করছেন না। নিজের উপদেষ্টা ও ঘনিষ্ঠজনদের সঙ্গে এ নিয়ে কোনো আলাপ আলোচনা করছেন না তারেক রহমান।
তার কাছে সরবরাহ করা পদপ্রত্যাশী নেতাদের তালিকা থেকেই যোগ্য, অনুগত, সক্রিয়, মেধাবী ও প্রজ্ঞাবানদের বেছে নিচ্ছেন তিনি। এ কাজে সরসারি কারো সহযোগিতা নিচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডনে অবস্থানরত বিএনপির এক নেতা বলেন, কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মিডিয়াতে চলে আসে। তাই এবার কমিটি গঠনের ক্ষেত্রে কড়া গোপনীয়তা অবলম্বন করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তার খাস কামরায় যত্রযত্র কেউ প্রবেশের সুযোগ পাচ্ছেন না। ফলে কমিটি সম্পর্কে কোনো ধারণা কোনো নেতার নেই।
এ প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির মতো বড় একটি দলে পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। সে কারণেই হয়তো মনে হচ্ছে দলে অস্থিরতা চলছে। আসলে কাউন্সিলের পর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা তৎপর হয়েছে। তিনি বলেন, যত শিগগির সম্ভব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কমিটি ঘোষণা করবেন। এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ভুল ব্যাখ্যারও কোনো অবকাশ নেই। কমিটি গঠনের এখতিয়ার কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসনকেই দিয়েছেন।























































