সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্যারাগুয়ের অগ্নিপরীক্ষায় সতর্ক ব্রাজিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

2016_03_29_16_24_35_odexivTlR2MQ2XK2Xf9SBnlWhIGRaW_original

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে খেলতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। পরের ম্যাচে তার দল নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করে। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেই পরীক্ষায় ব্রাজিল ফেল করে ৪-৩ ব্যবধানে। ফল- টুর্নামেন্ট থেকে বিদায়। কোপা আমেরিকায় হারের প্রতিশোধের মিশনে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এমন ফলেও বাছাইয়ের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনাকে টপকে যায় কার্লোস দুঙ্গার দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা উঠে আসে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ৫ ম্যাচে দুটি জয়, দুটি ড্র ও একটিতে হারায় সেলেকাওদের অর্জন ৮ পয়েন্ট। আর পাঁচ ম্যাচে ২টি জয়, দুটিতে ড্র ও একটিতে হারায় ৮ পয়েন্ট ঝুলিতে জমা করেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রয়েছে তালিকার পঞ্চম স্থানে। উরুগুয়ের অবস্থান দ্বিতীয়। ৫ ম্যাচে তিনটি জয়, একটি করে হার ও ড্রয়ে সুয়ারেজদের পুঁজি ১০ পয়েন্ট। তালিকার শীর্ষে রয়েছে ইকুয়েডর। পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে তাদের সঞ্চয় ১৩।

এদিকে নেইমারের পরিবর্তে প্যারাগুয়ের বিপক্ষে দলে ডাক পেয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে তারই উত্তরসূরি গ্যাব্রেইল বারবাসো। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেকে মেলে ধরার ব্যাপারে আশাবাদী। তবে নেইমারের বিকল্প ভাবতে নারাজ, ‘নেইমারের অনুপস্থিতিতে আমি খেলতে পারি। তবে আমি তার বিকল্প নই। তিনি আমাদের দলের অধিনায়ক। আমাদের নাম্বার টেন (জার্সিধারী)। আমি আশা করি, দলে খেলার সুযোগ পেলে অবদান রাখতে পারব।’

কোপা আমেরিকার হার এখনো হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গাকে। প্যারাগুয়ের অগ্নিপরীক্ষায় বেশ সতর্ক তিনি। তাই শিষ্যদের সতর্কবাণী শোনালেন ব্রাজিল বস, ‘আমাদের জিততে হবে। কেননা প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সূচি সংক্ষিপ্ত, কিন্তু ম্যাচগুলোর প্রতিপক্ষ কঠিন। দলভেদে অবশ্য কাঠিন্য পার্থক্য হয়। সবচেয়ে বড় কথা, ম্যাচের ফলটা কী হলো! আমরা প্যারাগুয়ের বিপক্ষে ভালো করব। আমাদের দলের খেলোয়াড়রা অভিজ্ঞ ও ভালো মানের। তবে প্যারাগুয়েও বেশ শক্তিশালী। তারা আমাদের সমস্যায় ফেলে দিতে পারে।’

অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে ব্রাজিলকে। দুই দলের ১৪ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৯ রান। প্যারাগুয়ে বিজয়ের হাসি হেসেছে দু’বার। বাকি তিনটি ম্যাচে জিততে পারেনি কেউই (ড্র)। ঘরের মাঠেও প্যারাগুয়ের রেকর্ড ভালো নয়। সাতবারের সাক্ষাতে তারা জিতেছে ২ বার, হেরেছে ৪ বার। ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাকি ম্যাচটিতে। ঘরের মাঠে সবশেষ ম্যাচে ব্রাজিলকে স্বাগত জানায় ২০১০ সালের বিশ্বকাপের বাছাইপর্বে। সেবার তারা সেলেকাওদের ২-০ গোলে পরাজিত করেছে। তার মানে, এবার ব্রাজিলকে বেশ ভোগাবে স্বাগতিকরা। তাই সাবধানে পা ফেলার বিকল্প নেই নেইমার-লুইজকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি