শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএসএমএমইউর ১৪৩ চিকিৎসকের বেতন বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৬

2016-03-31-17-37-26-1523851943
ডেস্ক রিপোর্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৪৩ জন চিকিৎসকের বেতন স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তাদের নিয়োগের (২০০জন চিকিৎসক) বৈধতার প্রশ্ন তুলে একটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট রায়ে বলেছিলÑ এই ‘নিয়োগ ও তার কার্যকারিতা অবৈধ’, ‘বিশ্ববিদ্যালয় আইনের ৫(ঙ) ধারা অবৈধ’। নির্দেশনা দেয়া হয়Ñ ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৪ (১২) ধারা মোতাবেক পদ সৃষ্টির ব্যাপারে সংযত থাকার’। এর ছয়দিনের প্রান্তে ২০০চিকিৎসক এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে চ্যালেঞ্জ করলে তৎকালীন চেম্বারজজ, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রায় স্থগিতাদেশ দিয়েছিলেন। গত ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি হাইকোর্টের সেই রায় বহাল রাখেন। ২০০জনের মধ্যে বর্তমানে আছেন ১৪৩ জন চিকিৎসক। বাকিদের কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ বিদেশে আছেন, কেউবা এ চাকুরি ছেড়েছেন।

এ ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি আমাদের সময় ডটকমে ‘চাকরি হারানোর আতঙ্কে বিএসএমএমইউর দেড়শ চিকিৎসক!’, ৪ মার্চ ‘হাঁড়ি-পাতিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেবেন ১৪৩ চিকিৎসক’, ১৩ মার্চ ‘১৪৩ চিকিৎসকের প্রতি বিএসএমএমইউর প্রশাসন সহানূভুতিশীল’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল।

সূত্র জানায়, প্রতি মাসের ২৪ থেকে ৩০-৩১ তারিখের মধ্যে পূবালী ব্যাংকে প্রত্যেকের নামে করা পৃথক হিসাবে বেতনের অর্থ জমা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হিসাবে অর্থ প্রবেশ করলে প্রত্যেকের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস যায়। অন্য মাসের মতো মার্চের বেতনের এসএমএস অন্যরা পেলেও ওই চিকিৎসকরা পাননি। বৃহস্পতিবার তাদের কয়েকজন উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। সূত্রের ভাষ্য অনুযায়ীÑ ভিসি বলে দিয়েছেনÑ এখন বেতন দেয়া হলে আদালতের রায় অমান্য করা হবে। তাই বেতন বন্ধ করা হয়েছে।

জানতে চাইলে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ও বিকালে কয়েকদফা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা বিষয়টির সত্যতা স্বীকার করেন আমাদের সময় ডটকমের কাছে। নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভিসি স্যারের নির্দেশে মার্চ থেকে তাদের বেতন বন্ধ। আসলে আদালতের রায় অনুযায়ী তাদের চাকরিই তো নেই। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, বৃহস্পতিবার পর্যন্ত রায়ের পূর্ণাঙ্গ কপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসেনি। এ অবস্থায় বেতন বন্ধ করাকে অযৌক্তিক বলে দাবি করছেন এ চিকিৎসকরা।

১৩ মার্চ আমাদের সময় ডটকমের প্রশ্নে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছিলেন, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আদালতের রায় না আসা পর্যন্ত  বুঝতে পারছি না, কী করতে হবে বা কী করলে ভাল হবে।

হতাশ সুরে কয়েকজন চিকিৎসক জানান, পূর্ণাঙ্গ রায়ের জন্য তারাও অপেক্ষা করছেন এবং রিভিউয়ের জন্য মানসিকভাবে তারা প্রস্তুত। কিন্তু বেতন বন্ধের বিষয়টি তাদের শঙ্কা বাড়িয়ে দিয়েছে এবং মানসিকতাকে ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননিÑ বেতন বন্ধের প্রেক্ষিতে কী করবেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি