শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া আপাতত গ্রেফতার নাও হতে পারেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৬

4A515FBE-EE88-45D3-8065-2F471D73B584_cx0_cy13_cw0_mw1024_s_n_r17

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করা হলেও আপাতত তাকে গ্রেফতারের পরিকল্পনা নেই সরকারের। সেই জন্য তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও এই ব্যাপারে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। পুলিশ অপেক্ষা করছে আদালতের আদেশের কপি থানায় আসার। আদালত থেকে তাদের কাছে পরোয়ানা পাঠানোর পর তা পেলে তারা এই ব্যাপারে পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। কি করতে হবে সেই সম্পর্কেও নির্দেশনা দিয়েছেন। সেইভাবে আইনজীবীরা প্রস্তুতিও নিবেন। তারা ২৭ এপ্রিলের আগেই খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদালতে আবেদন করবেন। এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও তার মায়ের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলেছেন। তিনি মনে করছেন, এই সময়ে বিএনপির চেয়ারপারসনের উপর চাপ তৈরি করার জন্য এটা করা হয়ে থাকতে পারে। কারণ বিএনপির কাউন্সিল করার পর তিনি ও বিএনপি চেয়ারপারসন দলকে সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন। সরকার তা চাইছে না।

এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার তার ওপর কোনো চাপ তৈরি করতে চাইছেন না। তারা তাদের মতো করে রাজনীতি করছেন। কর্মসূচি পালন করছে। সরকার কেন বাধা দেবে। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে ওইসব মামলা আইনের গতি অনুযায়ী চলবে।

খালেদা জিয়ার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন সরকার কি করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটা তারা আইনিভাবেই মোকাবিলা করবেন বলে মনে করছি। তাকে এখন গ্রেফতার করা হবে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি পুলিশকে। কারণ আদালত তাকে যে নির্দেশ দিয়েছে তিনি সেটা মেনে চলবেন বলেই আমরা মনে করছি। তিনি আদালতে গিয়ে আইনি প্রক্রিয়া মানলেতো আমার মনে হয় সমস্যা থাকবে না। তবে আমরা কোনো বেআইনি কাজ করব না। আইনের মধ্যেই সব ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি