জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় বজ্রপাতে হাসু ভূঁইয়া নিউ এইচ.বি.সি ব্রিকস্ ফিল্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ঝড়ো বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলেছপুর গ্রামের বাছির মিয়ার ছেলে আল আমিন (৩০) ও একই এলাকার দিলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৯)।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলেছপুর গ্রামের নান্নু মিয়া (৩৫), আব্দুল জলিল (৩০), বাছির মিয়া (৩৫), রুবেল মিয়া (৪০), রমজান মিয়া (৩৫) ও হানিফ মিয়া (৪০)। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রমিক সর্দার হাবিব মিয়া (৫২) জানান, বৃষ্টির মৌসুম এসে পড়ায় অন্যান্য ব্রিকস্ ফিল্ডের মতো আমাদেরও ছুটি হয়ে যায়। (বৃহস্পতিবার) সকালে আমাদের চলে যাওয়ার কথা থাকলেও বেতন নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম।
দুপুর থেকে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় আমরা একই এলাকার ২৪ জন শ্রমিকের মধ্যে ১৯ জন ব্রিকস ফিল্ডের একটি ছাপড়া ঘরে অবস্থান করছিলাম। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আমাদের মধ্যে দু’জন মারা যায় এবং আরো ছয়জন আহত হয়।


















































