শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রধর্ম ইসলাম থাকল না থাকল, তাতে কিছু যায় আসে না : মিছবাহুর রহমান


রাষ্ট্রধর্ম ইসলাম থাকল না থাকল, তাতে কিছু যায় আসে না : মিছবাহুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৬

5_47645
ডেস্ক রিপোর্টঃ

সংবিধান কিংবা রাষ্ট্রের সঙ্গে ইসলাম থাকল বা না থাকল তাতে ইসলামের কিছু যায় আসে না। ইসলাম চায় মানুষ যেন ইসলাম চর্চা করে। আল্লাহ্কে ভয় পায়Ñ দৈনিক আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ইসলামী এক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী।

তিনি বলেন, ইসলাম রাষ্ট্রধর্ম করাটাই ছিল একটি রাজনীতি। ১৯৮৮ সালে এরশাদ সাহেব ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন। ৮৮ সালের আগে কী এদেশে ইসলাম ছিল না? সংবিধানে যদি ইসলামকে রাষ্ট্রধর্ম না করা হতো তাহলে কী ইসলাম বাংলাদেশে থাকত না? থাকত। কারণ এদেশের সংখ্যাগরিষ্ট মানুষ হাজার বছর ধরে ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে পথ চলছে।

বিশিষ্ট এ ইসলামি চিন্তাবিদ আরও বলেন, ইসলামের বিধান ধর্ম মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আল-আমিন সারাবিশ্বের মানুষের জন্যই ইসলাম প্রেরণ করেছেন। আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন তারই প্রেরিত নবী-রাসুলগণ। রাষ্ট্র ধর্ম পালন করে না, ধর্ম পালন করে, চর্চা করে, অনুসরণ করে মানুষ। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে আছে, কী নেই এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কেননা, আমরা চাই  দেশের প্রত্যেকটি জায়গায় ইসলাম বা ধর্মীয় মূল্যবোধ বজায় থাকুক। মানুষ শান্তিতে বসবাস করুক।

মাওলানা মিছবাহুর রহমান বলেন, ধর্ম সংবিধানে সন্নিবেশিত করার বা রাখার আন্দোলনের চেয়ে জরুরি সমাজ কিংবা রাষ্ট্রের দুর্নীতিবাজদের মধ্যে যে ঘুষ লেনদেন হয়, দুর্নীতি হয় তা বন্ধে প্রতিরোধ গড়ে তোলা। আর কোনো নারী যেন ধর্ষণের মতো বর্বরতার শিকার হতে না হয় তা নিশ্চিতের জন্য আন্দোলন প্রয়োজন। সন্ত্রাস, বোমাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। মোটকথা, সমাজে সংঘটিত যেকোনো অনাচার বন্ধের জন্য আন্দোলন করা আমাদের আগ্রহের জায়গা হওয়া উচিত। তিনি বলেন, আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই। দেশের সকল নাগরিক নিরাপদে থাকবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতিমুক্ত একটি দেশ হবে। রাষ্ট্র ঠিক থাকলে সার্বভৌমত্ব ঠিক থাকবে। সার্বভৌমত্ব থাকলে আমরা থাকব। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকেই সকলের মনোযোগ দেওয়া উচিত।

অপর এক প্রশ্নে জবাবে মিছবাহুর রহমান বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে যারা আন্দোলন করেন, এসব তাদের আবেগ। কারণ ১৯৮৮ সালের আগে তো তাদের কেউই এই দাবি করেননি, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি