ধস নেমেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। ভারত থেকে চাল আমদানি বেড়ে যাওয়ায় এখানে দেশীয় উৎপাদিত চাল কেজিতে কমেছে দুই থেকে আড়াই টাকা। ফলে বিপাকে পড়েছে খাজানগরের মিল মালিকেরা।
কুষ্টিয়ার খাজানগরে ৩শ মিলের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় দেড় শতাধিক। দাম কমায় একই সাথে চালের মজুদও পড়ে আছে প্রায় ১ লাখ টন। কুষ্টিয়ার চালের মোকামে প্রায় একমাস ধরেই এই মন্দাভাব। এজন্য দেশের বাজারে এখান থেকে চালের সরবরাহ কমেছে অনেক।
সংশ্লিষ্ঠরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে অনেক মানুষকে অনাহারে কাটাতে হবে। বহু পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে চালের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এছাড়া চাল আমদানি এখনি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চাল কল মালিক ও সমিতি।
এ প্রসঙ্গে কুষ্টিয়ার অ্যাগো ফুডের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, মূলত ভারতীয় চাল আসার কারণে আমাদের দেশীয় চালের বাজার হঠাৎ করেই ধস নেমেছে। এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের চাল প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা কমে গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, দেশে চালের উৎপাদন পর্যাপ্ত। এর পরেও ভারত থেকে চাল আমদানি করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষক ও মিলাররা।
এ প্রসঙ্গে অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, দেশীয় যে সব কৃষক রয়েছেন তারা উৎপাদিত চাল বিক্রয় করতে না পারলে কিভাবে আরও চাল উৎপাদন করবে বা তারা কার কাছে চাল বিক্রয় করবে। ফলে জাতীয় ভাবে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। এক্ষেত্রে অবশ্যই বাজারের দিকে খেয়াল রেখে আমদানির দিকে এগুতে হবে। অন্যথায় ভারসাম্যহীন হয়ে পড়তে হবে।
কুষ্টিয়ায় প্রায় ৩শ মিলে চাল মজুদ আছে ১ লাখ টন।

























































