বাঙালিদের নববর্ষ আর পান্তা-ইলিশ যেন সমার্থক শব্দ। পান্তা-ইলিশের স্বাদ ও গন্ধ না হলে যেন বর্ষবরণ হয়ই না। ক’দিন বাদেই আসছে আরও একটি নতুন বছর। আর এ উপলক্ষকে ‘পুঁজি’ করে এখন থেকেই ‘বাড়তি মুনাফায়’ নেমেছেন ‘অসাধুরা’। পাইকার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ী, সবার মাঝেই যেন রয়েছে এ বাড়তি মুনাফার ‘লোভ’। ফলে ক্রেতাদের অবস্থা এক রকম হিমশিম। অন্য উৎসবের ন্যায় বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাঙালিদের মাঝে যেন বয়ে যায় নতুন এক আমেজ। যার ধারাবাহিকতায় তাদের যেন লাল-সাদার আবিরে রাঙা নতুন পোশাক চাই-ই, চাই। আর মূল্যস্ফীতির এ বাজারে পরিবারের কর্তাব্যক্তিকে পোশাকের আবদার মেটাতেই যেখানে ‘বড় ঝক্কি’ পোহাতে হয়, সেখানে প্রতিবার ইলিশ নিয়ে অসাধু ব্যবসায়ীদের ‘খেলা’ যেন থামেই না। বছরের অন্য সময়ের ন্যায় পহেলা বৈশাখের আগেও বাজার মনিটরিংয়ে দেখা মেলে না সংশ্লিষ্টদের। ফলে ব্যবসায়ীদের অপতৎপরতা না কমে যেমন বেড়ে যায়, তেমনি তাদের কাছে সাধারণ মানুষের ‘জিম্মির রশি’ যেন আরও পোক্ত হয়।
শনিবার রাজধানীর হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে মাছের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একমাস আগের তুলনায় এখন সব ধরনের ইলিশের প্রতি পিসেই দাম বেড়েছে প্রায় দেড়শ থেকে আড়াইশ টাকা পর্যন্ত। এতে হালিতে বাড়তি দাম গিয়ে ঠেকেছে ৬শ থেকে ৮শ টাকায়।
হাতিরপুল বাজারের মাছ ব্যবসায়ী আল-আমিন রনি জানান, একমাস আগে ৫শ থেকে থেকে ৬শ গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৩শ থেকে ৪শ টাকায়। আর এখন এর দাম পড়ছে ৫শ থেকে ৬শ টাকা। এতে এ ধরনের এক হালি ইলিশের দাম পড়ছে ২ হাজার থেকে ২ হাজার ৪শ টাকা। একইভাবে বড় আকারের ইলিশের দামও বেড়েছে প্রায় একই হারে। এতে আগে ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের প্রতিটি ইলিশে ক্রেতাদেরকে বাড়তি দাম গুনতে হচ্ছে ২শ থেকে আড়াইশ টাকা করে। তবে রাজধানীর অন্য বাজারে ইলিশের দামে কিছুটা হেরফের রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। কিন্তু আগের তুলনায় প্রায় সবখানেই ইলিশে বাড়তি দাম হাকা হচ্ছে। এমনকি ভ্রাম্যমাণ মাছ বিক্রেতারাও ইলিশের বাড়তি দাম নিচ্ছেন বলেই জানিয়েছেন একাধিক ক্রেতা।
রাজধানীর অন্যতম পাইকারি মাছের আড়ৎ কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, রাজধানীর খুচরা বাজারগুলো থেকে সেখানে প্রতি হালিতে ইলিশের দাম প্রায় ৪শ থেকে ৫শ টাকা কম। তবে গত একমাস আগের তুলনায় দাম বেড়েছে বাজারটিতেও। পাইকারি এ বাজারের একাধিক মাছ ব্যবসায়ী জানান, পহেলা বৈশাখের আগে ইলিশের দাম আরও বাড়ার সম্ভাবনাই বেশি। দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, ইলিশের যোগান তুলনামূলকভাবে কমে যাওয়ায় দাম বেড়েছে। পাশাপাশি পহেলা বৈশাখকে ঘিরে আগের তুলনায় ইলিশের চাহিদা বেড়ে যাওয়াও দাম বৃদ্ধির আরও একটি কারণ বলেই জানালেন তারা।
মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, বর্তমানে বাজারে দুই ধরনের ইলিশ রয়েছে। এক. ক’দিন আগে ধরা ইলিশ। দুই. ছয় বা সাত মাস এমনকি এক বছর আগে ধরে রেখে ফ্রিজিং করা ইলিশ। ফ্রিজিং করা ইলিশগুলো কিছুটা কমদামে বিক্রি হচ্ছে বলে জানানেল বিক্রেতারা।


























































