ডেস্ক রিপোর্টঃ
সংলাপ ও সমঝোতায় আগ্রহ নেই সরকারের। যদিও বিএনপিও তাদের জোটের অাওতাভুক্ত দলগুলো অনেক দিন থেকেই সংলাপ ও সমঝোতা চাচ্ছেন। তারা চাচ্ছেন না কোন সংঘাত ও রক্তপাত, আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান চান। কিন্তু আওয়ামী লীগ বিএনপি জোটকে পাত্তাই দিচ্ছে না, তা বলেছে আগামী ১৯ সালের আগে কোন জাতীয় নির্বাচন হবে না। এতএব আলোচনা বা সমঝোতার কোন প্রশ্নই আসে না।
সংঘাতের পথ ছেড়ে সংলাপের মাধ্যমে সকল সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মনে করেন, বল এখন শাসক দলের কোর্টে। তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করেন তিনি। ৩১ মার্চ ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
দেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।
মহাসচিব হওয়ার পর ৩১ মার্চ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংলাপ চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘খালেদা জিয়া বলেছেন, বল এখন শেখ হাসিনার কোর্টে। বল না কি আমাদের কোর্টে, কোন বল? আপনি তো বড় খেলোয়াড়। কত জায়গায় খেলেন। নওয়াজ শরীফের কথায় কখনো খেলেন, কখনো ক্রিকেট, কখনো হকি, কখনো ভলিবল, কখনো ফুটবল; কোনটা? এখন তো ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। আপনি কোনটা খেলবেন?’
তিনি বলেন, ‘আপনার ফুটবলটা হারিয়েছিলেন কোথায়? আর পাইছিলেন কোথায়? ফুটবল পাইছিলেন জাতির জনক বঙ্গবন্ধুকে পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যা করার মাধ্যমে, জাতির চার নেতাকে হত্যা করে দেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে। ওই ফুটবল যদি খোঁজেন, তাহলে আপনি আর পাবেন না। এটা বলতে পারি, ওই ফুটবল আপনি ইহজীবনেও পাবেন না, পাবেন না, পাবেন না। ওটা যে চলে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। ওটা তো আপনি বুঝতেই পারতেছেন।’
১ এপ্রিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এদিকে দেশে ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সের বলুরুমে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মালয়েশিয়া আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া ২০১৪ ও ১৫ সালে মানুষ পুড়িয়েছেন, দেশের জনগণ তাকে চায় না। দেশে নির্বাচন হয়েছে বলে মার্শাল ল’ আসেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বলেছিলেন, আসুন সবাই মিলে সুষ্ঠু নির্বাচন করি। কিন্তু বেগম জিয়া আসেননি।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি অনেক আন্দোলন করেছেন কিন্তু সফল হননি। দেশে নির্বাচন হবে তবে ২০১৯ সালের আগে নয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যা-ই বলুক, ২০১৯ সালের আগে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না। খালেদা বুঝতে পেরেছেন তার আন্দোলনের পন্থা ভুল ছিল। তাই তিনি সফল হতে পারেননি। ১১ ফেব্রুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ২০১৯ সালের আগে কোন সাধারণ নির্বাচন হবে না বলে আবারো জানিয়ে দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ১৩ ফেব্রুয়ারি ডেইলি স্টার ভবনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


























































