আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্কুলটির অধ্যক্ষ মর্জিনা আক্তার জানান, গভীর রাতে কে বা কারা ওই স্কুলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা নিজস্ব উৎস থেকে পানি এনে আগুন নেভায়। কিন্তু এরই মধ্যে আগুনে স্কুলের ১১টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা বই-পত্র এবং কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও ক্লাস হয়নি।
দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর ও আওয়ামী লীগ নেতা শাহাবউদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, স্কুলে আগুন দেয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


























































