ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রহসনে পরিণত করার পর এখন ভোটার বিহীন সরকার আমাদের বাইস্কোপ দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নীতিনিধারণী পর্যায়ের নেতা আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, জনগণ যাতে আগ্রহি হয়ে ভোট কেন্দ্রে না যায় এবং ভোট প্রদান না করে সেজন্য ইউপি নির্বাচনে সরকার রক্তের হলিখেলা তৈরি করছে।
সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ক্ষমতার ভারসাম্য, সাংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় দলের আয়োজিত আলোচনা সভায় নোমান বলেন, ২০ দল ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বায়ত্তশাষিত নির্বাচনে অংশ নিলেও শেখ হাসিনার অধীনে ২০ দল খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নিবে না। স্বায়ত্তশাষিত নির্বাচনে গিয়ে আমরা জনগণকে দেখাতে সক্ষম হয়েছি হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
নোমান বলেন, আগে জাল ভোট হত; এখন সরকারী বাহিনী ও নির্বাচন কমিশন ঘরের মধ্যে বসে ব্যালট বাক্স ভরে ফেলে। তার পরে সেই অনুযায়ী চেয়ারম্যান, মেম্বরের রেজাল্ট ঘোষণা করা হয়। ভোট গণনাও করা হয় না। সরকারের মধ্যে ভিতরে ও বাহিরে সকলে বলছে নির্বাচনে কারচুপি হয়েছে। এটি কোন নির্বাচন হয় নাই।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন সরকারের ডানা (হাত)। তাদের এ হাত পঁচে গেছে। এটা আমরা জনগণের সামনে প্রমান করতে পারা আমাদের বড় সাফল্য। আমরা বিজয় অর্জন করবো। আমাদের আন্দোলন চলছে; এবং চলবে। লুটরাজ সরকারকে প্রতিহত করবো। এ আন্দোলনে জনগণ যখন আরো সম্পৃক্ত হবে তখন সরকার টিকবে না।
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রিটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।


























































